প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশে এখনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে।’ এ ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।’ স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু হবে। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।’
তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কর্মসূচির কার্যক্রমও শুরু হয়েছে। সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং যেসব এলাকার রাস্তা-ঘাট এখনো উন্নয়নবঞ্চিত রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে পাকা করা হবে।
রুহিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এই দিনে প্রয়াত নেতাদের স্মরণ করে তিনি বলেন, ‘অনেক প্রবীণ নেতা আজ আমাদের মাঝে নেই। তারা পরপারে পাড়ি জমিয়েছেন। তাদের অবদান রুহিয়ার মানুষ চিরদিন মনে রাখবে।’
সকল ধর্মের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘সকল ধর্মের মানুষ তাদের ভোটে দিয়ে আমাকে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। তাই সকলের প্রতি কৃতজ্ঞতা।’
তিনি আরও বলেন, ‘সকলের দোয়া ও সহযোগিতায় তারেক রহমান আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন, যা দেশের জন্য গর্ব ও আনন্দের বিষয়।’ তিনি এ অর্জনকে দেশের জনগণের জন্য একটি সুখবর হিসেবে উল্লেখ করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘মাদক থেকে দূরে থাকতে হবে এবং নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।’
অনুষ্ঠানের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
