গুপ্তধন খোঁজার আয়োজন, বিজয়ী পাবে ২৩ হাজার ডলারের স্বর্ণবার

গুপ্তধন খোঁজার আয়োজন, বিজয়ী পাবে ২৩ হাজার ডলারের স্বর্ণবার

ফন্ট সাইজ:

সান্তা ক্লজের আবাসভূমি এবং রূপকথার জগতের মতো মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড এবার পর্যটকদের জন্য ভিন্নধর্মী এক আকর্ষণের আয়োজন করেছে। রেইনডিয়ারে চড়া বা তুষারময় পর্বত ভ্রমণের পরিবর্তে তারা পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছে গ্রীষ্মকালে স্বর্ণ-অনুসন্ধান অভিযানে অংশ নিতে। গ্রীষ্মকালে সাধারণত পর্যটক শূন্য অঞ্চলটি ভ্রমণপিয়াসুদের নিকট আকর্ষনীয় করতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অভিযানে অংশগ্রহণকারীরা উত্তর ফিনল্যান্ডের জনপ্রিয় অবকাশকেন্দ্র লেভির বিভিন্ন পথ, দর্শনীয় স্থান ও প্রাকৃতিক নিদর্শন ঘুরে বেড়াবেন। তাদের লক্ষ্য হবে ২০ হাজার ইউরো মূল্যের একটি স্বর্ণবার খুঁজে বের করা।

যার বর্তমান মূল্য প্রায় ২৩ হাজার ৩০০ মার্কিন ডলার। ‘মিডনাইট সান হান্ট’ নামের এই কর্মসূচি শুরু হবে আগামী ১৮ জুন। এ খবর দিয়েছে সিএনএন অনলাইন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিযোগীরা প্রথম সূত্র সংগ্রহ ও নিবন্ধনের জন্য লেভি ভিজিটর সেন্টারে উপস্থিত হবেন। এরপর পর্যায়ক্রমে নতুন নতুন সূত্র প্রকাশ করা হবে। সূত্র অনুসরণ করে অংশগ্রহণকারীরা স্থানীয় পাহাড়ি পথ, পর্যটনকেন্দ্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছাবেন। প্রতিটি সূত্র তাদের স্বর্ণবারের আরও কাছাকাছি নিয়ে যাবে। আয়োজকদের মতে, স্বর্ণবারটি যেকোনো সূত্র অনুসরণ করেই খুঁজে পাওয়া সম্ভব। তবে পুরো গ্রীষ্মজুড়ে অতিরিক্ত ইঙ্গিত প্রকাশ করা হবে, যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে গুপ্তধনের অবস্থান নির্ধারণ সহজ হবে। চূড়ান্ত সূত্র প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ আগস্ট। উত্তর মেরুবৃত্তের ওপরে অবস্থিত লেভি মূলত ফিনল্যান্ডের অন্যতম প্রধান স্কি অবকাশকেন্দ্র হিসেবে পরিচিত। শীতকালে এটি তুষারাবৃত পাহাড় ও নর্দান লাইটস দেখার জন্য বিপুল সংখ্যক পর্যটককে আকর্ষণ করে।

তবে গ্রীষ্মে অঞ্চলটির চিত্র একেবারেই ভিন্ন। বছরের নির্দিষ্ট সময়ে এখানে ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্যের দেখা মেলে, যখন দিন-রাত মিলিয়ে চব্বিশ ঘণ্টাই সূর্যের আলো বিরাজ করে। লেভি ভিজিটের প্রধান নির্বাহী সাতু পেসোনেন বলেন, লেভি মূলত শীতকালীন পর্যটনের জন্য পরিচিত হলেও উত্তরাঞ্চলের গ্রীষ্মকাল এখনো অনেক ভ্রমণপ্রেমীর কাছে অজানা। সূর্য যখন অস্ত যায় না তখন পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দেয়। মানুষের এখানে আসার নতুন কারণ হতে পারে এটি । ইউরোপজুড়ে বহু শীতকালীন পর্যটনকেন্দ্রের মতো লেভিও সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের কার্যক্রমে বৈচিত্র্য এনেছে। বর্তমানে এখানে প্যারাগ্লাইডিং, ট্র্যাকিং, নদীতে ভেলা ভ্রমণ এবং পর্বত সাইকেল চালানোর মতো তুষারবিহীন নানা কর্মকাণ্ডের সুযোগ রয়েছে।

‘মিডনাইট সান হান্ট’ আয়োজন করা হচ্ছে কিত্তিলা-ভিত্তিক স্বর্ণখনি প্রতিষ্ঠান অ্যাগনিকো ঈগল ফিনল্যান্ড এবং লেভি স্কি রিসোর্টের সহযোগিতায়। আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারীদের দায়িত্বশীল আচরণ করতে হবে, অনুমোদিত এলাকার মধ্যেই চলাচল করতে হবে এবং প্রাকৃতিক পরিবেশের প্রতি সম্মান দেখাতে হবে। স্বর্ণবার খুঁজে পাওয়ার জন্য কোথাও খনন বা ভূমির কোনো ধরনের ক্ষতি করা যাবে না। তাদের মতে, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ল্যাপল্যান্ডের গ্রীষ্মকালীন সৌন্দর্যকে বিশ্বের সামনে নতুনভাবে তুলে ধরা। এতে পর্যটকরা প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন