যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে নতুন দফার সরাসরি আলোচনায় বসেছে ইসরাইল ও লেবানন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার উভয় পক্ষের কাছ থেকে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়েছিলেন। এর একদিন পর মঙ্গলবার এ আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে ইসরাইলের পক্ষে দেশটির যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার এবং লেবাননের পক্ষে রাষ্ট্রদূত নাদা হামাদেহ অংশ নেন।
মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক নিডহ্যাম। এ খবর দিয়েছে অনলাইন গাল্ফ টাইমস। কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এটি চতুর্থ দফার বৈঠক। আলোচনা দুই দিনব্যাপী চলবে বলে জানানো হয়েছে। বৈঠক শুরুর আগে ট্রাম্প দাবি করেন, উভয় পক্ষ উত্তেজনা প্রশমনে রাজি হয়েছেন। তবে তার এ ঘোষণার পরও রাতভর ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এতে যুদ্ধবিরতি প্রচেষ্টার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। ওয়াশিংটনের এই বৈঠককে সীমান্ত উত্তেজনা কমানো এবং দীর্ঘদিনের নিরাপত্তা সংকট নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনায় কী ধরনের অগ্রগতি হবে, তা নিয়ে এখনো কোনো পক্ষ প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেনি।
