রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় আদালতে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে। শুনাতিতে অভিযুক্ত সোহেল রানা দাবি করেছেন, ‘আমিও দোষ করেছি, ডলার নামের একজনও এই ঘটনায় জড়িত। তাকেও ধরা হোক।’ বুধবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামিদের শুনানি অনুষ্ঠিত হয়। এই শুনানি শেষে বিচারক মাসরুর সালেকীন মামলায় যুক্তিতর্কের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।
এর আগে এদিন সকালে সোহেল ও স্বপ্নাকে কারাগার থেকে আদালতে আনা হয়।
অভিযুক্ত সোহেলের কোনো বক্তব্য আছে কি না, তা জানতে চান আদালত। সোহেল কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, ‘আমি নির্দোষ স্যার। আমার সাথে যে ছিল ডলার, তারে আপনারা ধরেন। আমি দোষ করি নাই তা না, আমিও দোষ করেছি, ডলারও দোষ করেছে।...আমারে মাফ করে দেন, আমার একটা ছোটো ছাওয়াল আছে।’
এ সময় আসামি সোহেল তার স্ত্রীর বিষয়ে বলেন, ‘আমার বউটা একদম নির্দোষ স্যার।’
পরে আদালত আসামি স্বপ্নার উদ্দেশে বলেন, ‘তার বিরুদ্ধে আনা অভিযোগসহ সাক্ষ্যদের সাক্ষ্যী অনুযায়ী তিনিও একই অপরাধে দোষী।’ এ সময় স্বপ্না আদালতকে বলেন, ‘আমি কিছু করি নাই, আমি নির্দোষ।’
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর মূল অভিযুক্ত সোহেল রানা ওই ফ্ল্যাটের শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। পরে ওই বাসা থেকে তার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়। আর ওই দিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে আটক করা হয়। পরদিন পল্লবী থানায় মামলা করেন শিশুটির বাবা।
