চসিক মেয়রকে যে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

মশা মারার প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্র যেতে চাওয়া

চসিক মেয়রকে যে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

মশা মারার প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তা। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের এই বিদেশ সফরের ফাইলে অনুমোদন দেননি। উল্টো প্রধানমন্ত্রী চসিক মেয়রকে পরামর্শ দিয়েছেন- মশক নিধন শেখা বা দেখার জন্য ফ্লোরিডা যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে অথবা নর্দমার কাছে যেখানে মশার বিস্তার ঘটছে, সেখানে ২-৩ ঘণ্টা অবস্থান করলে মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।

এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘‘অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাবের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এতে মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও ৫ কর্মকর্তার ফ্লোরিডা সফরে যাওয়ার কথা বলা ছিল। এই সার-সংক্ষেপ দেখে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, মশক নিধন শেখা বা দেখার জন্য ফ্লোরিডা যাওয়ার দরকার নেই।

রুমন বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, মশক নিধন কীভাবে করা যায়, তা দেশেই প্রশিক্ষণের সুযোগ রয়েছে। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে অথবা নর্দমার কাছে যেখানে মশার বিস্তার ঘটছে, সেখানে ২-৩ ঘণ্টা অবস্থান করলে মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে। অতিরিক্ত প্রেস সচিব বলেন, “বিগত সরকারের আমলে এভাবে রাষ্ট্রের অর্থ অপচয় করে মশক নিধন কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্পের নামে কর্মকর্তারা বিদেশ সফরে যেতেন। রাষ্ট্র অথবা বিদেশি অর্থায়নে এসব সফরে কার্যকর কোনো ফল পাওয়া যায় না।

প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেয়া হয়েছে: চসিক মেয়র
এদিকে স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফর সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। চসিকের একটি প্রতিনিধিদলের সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রধানমন্ত্রীর একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেখানে মশা নিধন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিদেশ সফরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

এ প্রসঙ্গে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আন্তর্জাতিকভাবে পরিচিত একটি বায়োসায়েন্স প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চট্টগ্রামে মশার লার্ভা নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক সরবরাহ করে আসছে। বিদেশ থেকে ব্যয়বহুল কেমিক্যাল আমদানির ওপর নির্ভরতা কমাতে প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে দেশে উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল।

তিনি জানান, এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি তাদের গবেষণাগার ও উৎপাদন কার্যক্রম পরিদর্শনের জন্য চসিকের একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডা সফরের আমন্ত্রণ জানায়। সফরের সব ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করার কথা ছিল এবং এতে সরকার বা সিটি করপোরেশনের কোনো আর্থিক ব্যয় হওয়ার কথা ছিল না। মেয়রের দাবি, সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকলেও একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করায় পুরো উদ্যোগটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

এর আগে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে চসিক মেয়র ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফর এবং মেয়রের ব্যক্তিগত কানাডা সফরের অনুমোদনসংক্রান্ত সারসংক্ষেপ ফেরত পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়। চসিক মেয়র মনে করেন, আধুনিক প্রযুক্তি ও গবেষণাভিত্তিক মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন এবং দেশে উৎপাদন সুবিধা তৈরির সম্ভাবনা যাচাইয়ের সুযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন