সিন্ডিকেট-প্রভাবশালীদের কাছে সরকার মাথা নত করবে না- উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের স্বার্থরক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কঠোর বার্তা দেন তিনি। তিনি বলেন, অভিবাসন খাতকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে যা যা করা প্রয়োজন, তার সবকিছুই করা হবে।
কর্মীদের রক্ত পানি করা টাকা নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতেই হবে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেও শেষ মুহূর্তে মালয়েশিয়া যেতে না পারা হাজার হাজার কর্মীর চরম ভোগান্তি ও হাহাকার নিরসনে মাঠে নেমেছে সরকার। এ পরিস্থিতির নেপথ্যে দায়ীদের চিহ্নিত করতে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রবাসী কর্মীদের সঙ্গে প্রতারণা করা রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের শেষ সময়ের দুর্ভোগ, বিমানের টিকিটের কৃত্রিম সংকট এবং মালয়েশিয়া যেতে না পারার পেছনে থাকা কারসাজি উদ্ঘাটনে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। যেসব এজেন্সি কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়েও টিকিট সরবরাহ করতে ব্যর্থ হয়েছে বা প্রতারণা করেছে, তদন্ত সাপেক্ষে তাদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। প্রতারক এজেন্সির মালিকদের কেবল লাইসেন্স বাতিলই নয়, বরং তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে। মালয়েশিয়া সরকারের সাথে উচ্চপর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে, যাতে বিশেষ বিবেচনায় বঞ্চিত কর্মীদের পুনরায় যাওয়ার সুযোগ অথবা সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
এদিকে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানিয়েছেন, প্রবাসী কার্ড হলে বিএমটি কার্ড থাকবে না। এত কার্ড দিয়ে কী করবে? একটা কার্ড দিয়ে সব ফ্যাসিলিটি যাতে এনজয় করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। যারা প্রবাসে আছে শুধু রেমিট্যান্স যোদ্ধা না এমনকি যারা ইউরোপে যারা আছে, ল্যাটিন আমেরিকায় আছে তারাও এখানে আবেদন করতে পারবেন। কার্ডটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। একটা সেল থাকবে, সেলে আবেদন করবে যাচাই হবে, যাচাই করে যদি এটা যদি পাওয়ার যোগ্য হয় সেই প্রবাসী কার্ড পাবে। মন্ত্রী বলেন, আমরা যে ফ্যাসিলিটি দেবো সেটা এখনও চূড়ান্ত করিনি। এখানে কারেন্সি সুবিধা, সহজে রেমিট্যান্স আনার ক্ষেত্রে কী ধরনের বেনিফিট হতে পারে, ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কীভাবে হবে ডিজিটাল পরিচয়পত্র, এটার সঙ্গে ট্র্যাকিং থাকবে। প্রবাসী কার্ড দিয়ে ভূমি সংক্রান্ত সেবা নিয়ে আমরা কাজ করছি। কোনো প্রবাসীকে এই কার্ড দেখালে যাতে তাকে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যাসিলিটি দেওয়া হয় এবং হাসপাতালে গেলে অন্তত তার আলাদা একটা প্রায়োরিটি থাকে এসব জায়গায় আমরা একটা পরিবর্তন আনতে চাচ্ছি।
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ সেল গঠন: বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, প্রবাসীরা এই অভিযোগ সেলে তাদের অভিযোগ জমা দিতে পারবেন। আমরা হোয়াটসঅ্যাপেও তাদের অভিযোগ জমা নেবো, সেই প্রসেস জানানো হবে। আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ সেল গঠন করা হয়েছে।
সেলের অন্যান্য সদস্যরা হলেন- কল্যাণ অধিশাখার যুগ্মসচিব/উপসচিব, আইন শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব, সেবা ও প্রটোকল শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব এবং এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব। এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রাপ্ত আবেদন ও অভিযোগ এবং সেগুলোর বিষয়ে গৃহীত ব্যবস্থা দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে।
