সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা

রামিসা হত্যা

সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা

ফন্ট সাইজ:

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলাটিতে ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করা হয়েছে। বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লার সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৩টা ২০ মিনিটে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

সাক্ষীর মধ্যে পুলিশ, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, প্রত্যক্ষদর্শী, সুরতহাল রিপোর্টের সাক্ষী, জব্দ তালিকার সাক্ষী, একই বিল্ডিংয়ের সাক্ষী, প্রতিবেশীসহ ভিকটিমের মা-বাবা, বোন ও অন্যান্য আত্মীয়রা ছিলেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওমর ফারুক ফারুকী মানবজমিনকে বলেন, এই মামলায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

বুধবার মামলার দুই আসামি আত্মপক্ষ সমর্থনের জন্য সাক্ষ্য দিবেন। আশা করি খুব শিগগিরই আদালত এই মামলার রায় দিবেন।
সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা: এদিন প্রথমে রামিসার বাবা সাক্ষ্য দেন। তার সাক্ষ্য ও জেরা শেষ হলে দ্বিতীয় সাক্ষী হিসেবে রামিসার মা পারভীন আক্তার সাক্ষ্য দেন। বেলা ১১টা ৩ মিনিটের দিকে পারভীনের সাক্ষ্য শুরু হয়। এ সময় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না বেগমকে কাঠগড়ায় হাজির করা হয়। আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার মা পারভীন আক্তার। জবানবন্দি দেয়ার সময় তিনি অঝোরে কাঁদতে থাকেন। এ সময় আদালত কক্ষের পরিবেশও ভারী হয়ে ওঠে। পারভীন আক্তার আদালতকে বলেন, আমি বারবার স্বপ্নাকে কেঁদে বলি বইন দরজাটা খোল, দরজাটা খোল। কিন্তু খোলে নাই। পরে দরজা ভাঙতে হয়। ভেতরে গিয়ে মেয়ের খণ্ডিত মরদেহ দেখে অজ্ঞান হয়ে যাই।

সাক্ষ্যগ্রহণে পারভীন আক্তার আদালতে বলেন, গত ১৯শে মে সকালে এ ঘটনা ঘটে। আমি তখন রান্না করছিলাম। রান্না প্রায় শেষ পর্যায়ে ছিল। আমার দুই মেয়ে। বড় মেয়ের নাম রাইসা আক্তার। রাইসাকে ঘটনার দিন আনুমানিক সকাল ১০টার দিকে বললাম, তার চাচা গোলাম মোস্তফার বাসায় যেতে। তখন ছোট মেয়ে রামিসা বললো, আম্মু আমিও আপুর সঙ্গে যাবো’। আমি তাকে যেতে না করি। এরপর আমি আবার রান্নায় ব্যস্ত হয়ে যাই। পরে বড় মেয়ে চাচার বাসায় যায়। ছোট মেয়েকে নেয়নি। রাইসাকে বলে তুমি রুমে থাকো। এটা আমি রান্নাঘর থেকে শুনতে পাই। পরে রাইসা তাকে নিয়ে চাচার বাসায় যায় কিনা জানতাম না,’ আদালতে বলেন রামিসার মা।

তিনি আরও বলেন, ‘একটু পর আমি রান্নাঘর থেকে একটা বাচ্চার চিৎকারের শব্দ শুনতে পাই। পাশের ফ্ল্যাটের আসামি সোহেলদের বাসায় বাচ্চা নেই জানতাম। তবে একটু পর রুমের বাইরে বের হলাম। কাউকে পেলাম না বাইরে। এর ৩-৪ মিনিট পর রাইসা একা তার চাচার বাসা থেকে আসে। আমি রাইসাকে বললাম, তুমি একা কেন। রামিসা কোথায়? রাইসা বলে, সে তো আমার সঙ্গে যায় নাই। নিচে গেছে মনে হয়। নিচে গিয়ে দেখি রামিসা নাই। আশপাশে সবাইকে জিজ্ঞেস করি, রামিসাকে দেখছেন। সবাই বলে, না দেখি নাই।’

পারভীন আক্তার বলেন, ‘বিল্ডিংয়ের নিচে অফিস রুম ভাড়া একটা। সেটার দরজা খুলে দেখলাম, মেয়ে আছে কিনা। কিন্তু পাইনি। দোতলায় ব্যাচেলর ভাড়া দিছে। সেখানেও খুঁজলাম। কিন্তু পেলাম না। পরে তিনতলায় সোহেলদের রুমে ধাক্কা দিলাম। খুললো না। পরে তাদের দরজার সামনে দেখলাম মেয়ের একটা জুতা পড়ে আছে। তখন মনে হলো আগে একটা বাচ্চার চিৎকার শুনছিলাম, ওই বাচ্চার চিৎকার কি আমার মেয়ের? তাহলে কি আমার রামিসাকে এখানে আটকে রেখেছে?’

এরপর দরজা খোলার জন্য বারবার ধাক্কাতে থাকেন উল্লেখ করে রামিসার মা বলেন, ‘কিন্তু কেউ খোলে না। পরে পাঁচতলার মনির ও আসমা নামে এক মহিলা এলো। এরপর একে একে অনেক লোকজন এলো। সবাই দরজা খোলার কথা বলে। কিন্তু আসামিদের কেউ খোলে না। পরে মনিরকে বললাম, নিচে যান। আরও মানুষ ডেকে আনেন। তিনি নিচে গিয়ে ১০-১২ জনকে ডেকে আনেন। তখন আমি আমার স্বামীকে বারবার ফোন দিতে থাকি। উনাকে বলি, আমাদের রামিসাকে পাচ্ছি না। স্বামী তখন অফিস থেকে আসে। ২০-২৫ মিনিটের মধ্যে চলে আসে।’

পারভীন আক্তার সাক্ষ্যতে বলেন, ‘তখন সবাই দরজা ভাঙার চেষ্টা করে। একপর্যায়ে দরজার গোল বোল্ড লক ভাঙা হয়। ভাঙা লকের ছিদ্র দিয়ে দেখি বাথরুম খোলা। ভেতরে কি রক্ত। রাজু নামে একটা ছেলে সেটার ভিডিও করে। আমি চিৎকার করে কাঁদতে থাকি। তখন আমি আসামি স্বপ্নাকে ভেতরে হাঁটতে দেখি। আমি বাইরে থেকে স্বপ্নাকে বারবার বলতে থাকি, বইন দরজাটা খোল। দরজাটা খোল। আমি তোকে কিছু বলবো না। কাঁদতে থাকেন মা পারভীন।’

পারভীন আরও বলেন, ‘এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি আমার মেয়ের মাথা এক জায়গায় আর দেহ আরেক জায়গায়। মাথা বাথরুমে বালতিতে। আর দেহ আসামিদের রুমের খাটের নিচে লুকিয়ে রেখেছে। পরে পুলিশ এসে মেয়ের মরদেহ, জামা-কাপড় সব নিয়ে যায়।’

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন