সারা দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও উপসর্গে সবমিলিয়ে ৫৯৪ শিশুর প্রাণহানি হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৩৪ শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১২৯২ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৪২ জন।
এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৩৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ১০৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮১২ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫০৪ জনের। এ ছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ৯০ জন। সবমিলিয়ে মারা গেছে ৫৯৪ শিশু।
