সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না শিউলি আজিমের। বুকে ব্যাথ্যার কারণে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ছিলেন না তিনি। বুক ব্যাথ্যা থেকে সেড়ে ওঠার পরে ভারত ম্যাচেও এই অভিজ্ঞ ডিফেন্ডারকে বিবেচনায় রাখেননি পিটার বাটলার। ঠিক এই সময়ে মা বাসনা আজিম পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। অভিজ্ঞ ডিফেন্ডারের দুঃসময়ে তার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সতীর্থরা। নেপালের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগের দিন বাতিল কর হয় সকালের অনুশীলন। সন্ধ্যায় সমুদ্র সৈকতে হেঁটে নেপাল ম্যাচের রণকৌশল সাজিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় নেপালের মুখোমুখি হবে দল।
কোচিং স্টাফের এক সদস্য বললেন, ফাইনালে ওঠার লড়াইয়ে শিউলিকে খেলানোর পরিকল্পনা আছে তাদের। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারও নাকি শোককে শক্তিতে রূপ দিতেই রয়ে গেছেন দলের সঙ্গে। রাত ৮টায় একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। বাংলাদেশের গত দুটি সাফ জয়ে রক্ষণে নির্ভরতা ছিলেন শিউলি। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারতের গোয়ায় আসা দলের সবচেয়ে বয়সী খেলোয়াড় তিনি। একই ভেন্যুতে সকাল ৯টায় অনুশীলন করতে আসে নেপাল দল। মাঠে নেমেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন নেপালের কোচ নবীন নিউপানে। নেপাল জাতীয় দলের সাবেক এই মিডফিল্ডার শুরুতেই শিউলি আজিমের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন।
শোকের আবহ পেরিয়ে এরপরই কোচ কথা বলেন আজকের বড় ম্যাচ এবং তার দলের রণকৌশল নিয়ে। গত দুটি সাফের ফাইনালে নিজেদের মাঠে বাংলাদেশের কাছে হেরেছিল নেপাল। এবার কি তবে সেই হারের প্রতিশোধ নেয়ার পালা? কিন্তু নেপাল কোচ এই তত্ত্বকে উড়িয়ে দিয়ে বলেন, প্রতিশোধে তিনি বিশ্বাস করেন না। তিনি বলেন, ‘ফুটবলে প্রতিশোধের কোনো ব্যাপার নেই। অবশ্যই আমরা দু’বার ফাইনালে হেরেছি ওদের কাছে। তবে এবার আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। সব খেলোয়াড় ফিট আছে, কোনো চোট নেই এবং এটা দলের জন্য ইতিবাচক। মেয়েরা অবশ্যই নিজেদের সেরাটা দেবে।’ ভারত ও বাংলাদেশের গত ম্যাচটা তারা দেখেছেন। বাংলাদেশকে ভালো একটা চ্যালেঞ্জ দিতে নেপাল প্রস্তুত। নেপালের তারকা ফরোয়ার্ড ও নিয়মিত অধিনায়ক সাবিত্রা ভান্ডারি গোয়ায় আসেননি। তিনি চোটের পুনর্বাসনে সংযুক্ত আরব আমিরাতে আছেন।
সাবিত্রা নেপালের হয়ে ৬১ ম্যাচে করেছেন ৬৮ গোল। গত বছর নিউজিল্যান্ডের লীগে খেলা এই ফরোয়ার্ডের অনুপস্থিতি আক্রমণভাগকে কতটা দুর্বল করলো? এমন প্রশ্নে কোচের অকপট স্বীকারোক্তি, তারা সাবিত্রাকে অনেক মিস করবেন। সাবিত্রা দলের হৃৎপিণ্ডের মতো। এ অবস্থায় তার পজিশনে কোচ নতুনদের সুযোগ দিচ্ছেন, যাতে নতুনরা নিজেদের মেলে ধরতে পারেন। নতুনরা গত দুটি ম্যাচে ভালো পারফরম্যান্স করেছেন। তবে কোচ সাফ বলে দেন, ‘এই সময় নেপাল দলের লক্ষ্য সাবিত্রা ভান্ডারির জন্য ট্রফি জয় করা।
সাবিত্রা আমাদের সেরা খেলোয়াড় এবং গত দুটি ম্যাচে অনেক সুযোগ এলেও দল তা কাজে লাগাতে পারেনি, তবে তরুণেরা সেই সুযোগটা নেবে।’ ভারতের বিপক্ষে বাংলাদেশের গত ম্যাচটি ভালো যায়নি, তবে সেটা ছিল গ্রুপ ম্যাচ। নেপাল কোচের মতে, নকআউট পুরোপুরি আলাদা ম্যাচ এবং নতুন দিন। নকআাউটে বাংলাদেশ আরও শক্তিশালীভাবে ফিরে আসবে। সব মিলিয়ে আজকের ম্যাচটিকে ৫০-৫০ এবং কঠিন ম্যাচ হিসেবে দেখছেন তিনি। তার পরিষ্কার কথা, সুযোগ যে কাজে লাগাবে, তারাই জিতবে। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপেই নেপাল দলে খেলোয়াড় হিসেবে নবীন নিউপানের অভিষেক হয়েছিল।
এবার কোচ হিসেবে সেই সাফের মঞ্চেই ইতিহাস গড়তে চান তিনি। এদিকে ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর ফুটবলারদের মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগ দিয়ে অনুশীলন বাতিল করেছিলেন পিটার বাটলার। ভারতের বিপক্ষে বড় হারের পর দলের ভেতরের থমথমে ও বিপর্যস্ত মানসিক অবস্থা কাটিয়ে উঠতেই ফুটবলারদের বিশ্রামে দিয়েছিলেন তিনি, যাতে সেমিফাইনালের আগে খেলোয়াড়েরা মানসিকভাবে পুরোপুরি সতেজ হয়ে উঠতে পারেন। তবে সেখানে ধাক্কা হয়ে দাঁড়িয়েছে শিউলি আজিমের মায়ের মৃত্যু। এই ডিফেন্ডারে মায়ের মৃত্যুর কারণে বাতিল করা হয় সেমিফাইনালের আগের দিনের অনুশীলনও।
তাইতো নেপাল ম্যাচের কৌশল সাজাতে সন্ধ্যায় দল নিয়ে সমুদ্র সৈকতে গিয়েছিলেন পিটার বাটলার। সেখানে সতীর্থদের সঙ্গে হাজির ছিলেন শিউলি আজিমও। একদিকে মা হারানোর শোক, অন্যদিকে দেশের প্রয়োজন। শিউলি আজিম শোক সয়ে বাংলাদেশের ডাকেই সাড়া দিয়েছেন। শোক চেপে টিম হোটেলের পাশে আরব সাগরের তীরে সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন। সমুদ্র পাড়েই নেপাল ম্যাচের কৌশল নিয়ে আলোচনা করেছেন পিটার বাটলার। সেখানে সংবাদমাধ্যমকে এ বৃটিশ কোচ বলেন, ‘মেয়েরা আত্মবিশ্বাসী তারা সকল ধাক্কা সামলে সেমিফাইনালে জ্বলে উঠতে পারবে। আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলছি। সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, ওটা নিয়ে কাজ করছি। আশা করি, নেপাল ম্যাচে মেয়েরা ঘুরে দাঁড়াবে।’
