ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছন্দে ছিলেন না নিগার সুলতানা জ্যোতি। তিন ম্যাচে টাইগ্রেস অধিনায়কের ব্যাট থেকে আসে ২০ রান। তবে ত্রিদেশীয় সিরিজে হেসেছে জ্যোতির ব্যাট। দুই ম্যাচে করেছেন ১২৩ রান। এ দারুণ পারফরম্যান্সে আইসিসি নারী ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন ডানহাতি এ ব্যাটার। বর্তমানে আইসিসি’র ব্যাটারদের তালিকায় ২০ নম্বরে আছেন জ্যোতি। বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা।
ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ডের বিপক্ষে উইকেটশূন্য থাকলেও নেদারল্যান্ডসের বিপক্ষে দুই উইকেট নেন তিনি। এমন পারফরম্যান্সে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়েছেন
ফারিহা। বর্তমানে ৬২ নম্বরে আছেন তিনি। ব্যাটারদের মধ্যে জ্যোতি ছাড়া উন্নতি করেছেন সোবহানা মোস্তারি। এক ধাপ এগিয়ে বর্তমানে ৪৬তম স্থানে রয়েছেন তিনি। ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে ব্যাট হাতে ৩০ রান করেন ডানহাতি এ ব্যাটার। দুই ধাপ এগিয়ে স্বর্ণা অবস্থান করছেন ৬০তম স্থানে।
দুই ধাপ পিছিয়ে ৪৭তম স্থানে নেমে গেছেন শারমিন আক্তার সুপ্তা। ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল। বোলারদের মধ্যে পাঁচ ধাপ এগিয়ে ৭৪ নম্বরে ওঠে এসেছেন পেসার মারুফা আক্তার। রিতু মনি, সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের অবনমন হয়েছে। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে আছেন স্পিনার রাবেয়া খান। তিনি ১৭তম স্থানে অবস্থান করছেন। চমক দেখিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের সাদিয়া ইকবাল।
