মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্যের ভবিষ্যৎ কী?

মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্যের ভবিষ্যৎ কী?

ফন্ট সাইজ:

কলকাতার লেক টাউনে স্থাপিত লিওনেল মেসির ৭০ ফুট উঁচু মেগা ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। গত সোমবার বিকালে হাইড্রোলিক ক্রেন ও দড়ির সাহায্যে স্বর্ণালি রঙের এই ভাস্কর্যটি উপড়ে একটি খোলা ফ্ল্যাটবেড ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাঠামোটি দুর্বল হয়ে পড়ায় জননিরাপত্তার স্বার্থে এটি দ্রুত অপসারণ করা হয়েছে। তবে এই অপসারণের পেছনে কলকাতার রাজনৈতিক পটপরিবর্তন ও অভ্যন্তরীণ টানাপোড়েনও বড় ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

লেক টাউনের ভিআইপি রোডের পাশে দাঁড়িয়ে থাকা বিশাল ভাস্কর্যটি কয়েকদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক ঝড়ো বাতাসে ৭০ ফুট উঁচু এই কাঠামোটি বিপজ্জনকভাবে দুলছিল। যেকোনো মুহূর্তে এটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। বাসিন্দাদের এই বারংবার অভিযোগের পর টনক নড়ে প্রশাসনের। বিশেষজ্ঞদের দিয়ে একটি জরুরি পরিদর্শনের পর কাঠামোটিতে ত্রুটি ধরা পড়ে এবং এটি দ্রুত সরিয়ে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

গত বছরের ডিসেম্বরে ইন্টার মায়ামির হয়ে সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলসহ ভারত সফরে এসেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার সেই ঐতিহাসিক কলকাতা আগমনকে স্মরণীয় করে রাখতেই তৈরি করা হয় এই বিশালাকার স্মৃতিস্তম্ভ। সোনালি রঙের এই ভাস্কর্যটিতে ৩৯ বছর বয়সী মেসিকে কাতার বিশ্বকাপের সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরে রাখতে দেখা যায়। স্বয়ং মেসি নিজে অনলাইনে এই ভাস্কর্যটির উদ্বোধন করেন। গত কয়েক মাসে এটি কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে অন্যতম প্রধান একটি ‘সেলফি জোন’ ও ল্যান্ডমার্কে পরিণত হয়।

কাঠামোগত দুর্বলতার কথা বলা হলেও, কলকাতার রাজনৈতিক অঙ্গনে এই ভাস্কর্য অপসারণ নিয়ে চলছে গুঞ্জন। ভাস্কর্যটি নির্মিত হয় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশেষ পৃষ্ঠপোষকতায়। সমপ্রতি রাজ্যে রাজনৈতিক পরিবর্তন এসেছে। তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করেছে বিজেপি।

নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর বর্তমান ক্রীড়ামন্ত্রী নীতিশ প্রামাণিক এই ভাস্কর্যটিকে ‘দৃষ্টিকটু’ বলে জনসমক্ষে সমালোচনা করেছিলেন। ক্রীড়ামন্ত্রীর সেই মন্তব্যের পরপরই ‘নিরাপত্তা ঝুঁকি’র কারণ দেখিয়ে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়। পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য (আইনপ্রণেতা) শারদ্বত মুখার্জি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এশিয়া নিউজ নেটওয়ার্ককে জানিয়েছেন, ‘স্থানীয় মানুষের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সবার আগে। ভাস্কর্যটি বাতাসে দুলছিল এবং এটি অনিরাপদ প্রমাণিত হওয়ায় সোমবার বিকালে সরিয়ে নেয়া হয়েছে।

আপাতত এটি একটি সরকারি গুদামে সুরক্ষিত রাখা হবে।’ তবে মেসির ভক্তদের একেবারে হতাশ করছে না প্রশাসন। কর্মকর্তারা জানিয়েছেন, ভাস্কর্যটি চিরতরে স্ক্র্যাপ বা ধ্বংস করা হচ্ছে না। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কলকাতার অন্য কোনো উপযুক্ত ও নিরাপদ স্থান খুঁজে এটিকে পুনরায় মর্যাদার সাথে স্থাপন করার চেষ্টা করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন