আন্তর্জাতিক ফুটবল বলতেই চোখের সামনে ভেসে ওঠে জাতীয় পতাকা, জাতীয় সংগীত আর দেশাত্মবোধের এক তীব্র আবেগ। খেলোয়াড়দের ক্ষেত্রে কোন দেশের হয়ে খেলবেন, তার কঠোর নিয়ম বা ‘এলিজিবিলিটি রুলস’ রয়েছে। তবে ডাগআউটে দাঁড়ানো মাস্টারমাইন্ড বা কোচদের ক্ষেত্রে কি সেই একই নিয়ম খাটে? উত্তরটা হচ্ছে, না। আর এই সুযোগেই আসন্ন ফিফা বিশ্বকাপে দেখা যাচ্ছে এক চমকপ্রদ চিত্র- যেখানে বিশ্বজয় করতে নামা দলগুলোর চালকের আসনে স্বদেশি কোচের চেয়ে বিদেশিদের জয়জয়কারই বেশি।
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৮ দলের মহাযজ্ঞ। এই বর্ধিত আসরে অংশ নেয়া দলগুলোর মধ্যে রেকর্ড ৩১টি দলের ডাগআউটেই দেখা যাবে বিদেশি কোচ! অর্থাৎ, প্রায় দুই-তৃতীয়াংশ দলই তাদের দলের দায়িত্ব তুলে দিয়েছে ভিনদেশি কোনো মাস্টারমাইন্ডের হাতে। ফুটবলবিশ্বের সব বাঘা বাঘা দলগুলোও এখন নিজেদের গণ্ডি পেরিয়ে বাইরের দেশের হাই-প্রোফাইল কোচদের ওপর ভরসা রাখছে। উদাহরণস্বরূপ সবার আগেই মাথায় আসবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কথা। গত বছরের মে মাসে হেক্সা জয়ের মিশনকে সামনে রেখে সেলেসাওরা নিয়োগ দেয় অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তিকে।
গত মাসে আবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন ৬৬ বছর বয়সী এই মাস্টারমাইন্ড। ‘ফুটবল ঘরে ফেরানোর’ মিশনে ইংল্যান্ড নিয়োগ দিয়েছে জার্মান অভিজ্ঞ কোচ থমাস টুখেলকে। এদিকে, স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বমঞ্চে বহুদূর নিয়ে যাওয়ার গুরুভার পড়েছে টটেনহ্যাম হটস্পারের সাবেক আর্জেন্টাইন কোচ মাউরিজিও পচেত্তিনোর কাঁধে।
ফুটবলের তথাকথিত ছোট বা উদীয়মান দলগুলোও এই জোয়ারে গা ভাসিয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তানের ডাগআউটে থাকছেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফাবিও কানেভারো। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দায়িত্ব সামলাবেন রিয়াল মাদ্রিদের সাবেক স্প্যানিশ কোচ হুলেন লোপেতেগি।
তবে সে অনুযায়ী ব্যতিক্রম দলও আছে। এই বিশ্বায়নের যুগেও নিজেদের ফুটবলীয় সংস্কৃতি ও ‘খাঁটি’ ভাবমূর্তি ধরে রেখেছে ১৭টি দেশ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের ডাগআউটে আস্থা রেখেছে গতবারের বহুল আকাঙ্ক্িষত শিরোপা এনে দেয়া লিওনেল স্কালোনির ওপর।
একইভাবে, ফরাসি ফুটবলের লাগাম এখনও তাদের কিংবদন্তি দিদিয়ের দেশমের হাতে। জার্মানির জুলিয়েন নাগেলসম্যান, স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যান অথবা মরক্কোর ওয়ালিদ রেগরাগুইরা নিজ দেশের ঐতিহ্য রক্ষায় অবিচল। টেকটিশিয়ান তৈরির কারখানায় এবার সবাইকে টেক্কা দিয়েছে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপের ডাগআউটে দেখা যাবে সর্বোচ্চ ৬ জন আর্জেন্টাইন কোচকে (স্কালোনি, পচেত্তিনো, বিয়েলসা, আলফারো, বেকাসেসে ও লরেঞ্জো)। ৫ জন কোচ নিয়ে ঠিক পরের স্থানেই ফ্রান্স। ৪ জন কোচ নিয়ে তিনে স্পেন এবং ৩ জন করে কোচ নিয়ে যৌথভাবে তালিকার চারে ইতালি ও জার্মানি।
নিজ নিজ দেশের দায়িত্ব সামলাবেন যারা:
আমির গ্যালেনোই-ইরান
হাজিমে মোরিয়াসু-জাপান
হং মিউং-বো-দক্ষিণ কোরিয়া
বুবিস্তা-কেপ ভার্দে,
এমার্স ফায়ে-কোত দিভোয়ার (আইভরি কোস্ট)
ওয়ালিদ রেগরাগুই-মরক্কো
পাপে থিয়াও-সেনেগাল
লিওনেল স্কালোনি-আর্জেন্টিনা
গুস্তাভো আলফারো-প্যারাগুয়ে
মিরোস্লাভ কুবেক-চেক প্রজাতন্ত্র
দিদিয়ে দেশম-ফ্রান্স
জুলিয়ান নাগেলসম্যান-জার্মানি
রোনাল্ড কোম্যান-নেদারল্যান্ডস
স্টেল সলবাকেন-নরওয়ে
স্টিভ ক্লার্ক-স্কটল্যান্ড
লুইস দে লা ফুয়েন্তে-স্পেন
মুরাত ইয়াকিন-সুইজারল্যান্ড
