মার্টিনেজের চোট ঘিরে উৎকণ্ঠা

মার্টিনেজের চোট ঘিরে উৎকণ্ঠা

ফন্ট সাইজ:

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন নিয়ে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ঘাঁটি গেড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের লড়াই শুরুর আগেই আলবিসেলেস্তে শিবিরে ভর করেছে দুশ্চিন্তার কালো মেঘ। দলের ‘অতন্দ্র প্রহরী’ ও এক নম্বর গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের চোট ঘিরে তৈরি হয়েছে তীব্র উৎকণ্ঠা।
সম্প্রতি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেন ৩৩ বছর বয়সী মার্টিনেজ। ছবিগুলোতে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলকিপারের বাঁ হাতে বিশাল ব্যান্ডেজ দেখা গেছে। কবজি থেকে কনুই পর্যন্ত জড়ানো ব্যান্ডেজে আঙ্গুলের নড়াচড়াও আটকে দেয়া হয়েছে। মূলত অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লীগের ফাইনাল জয়ের ঠিক আগে আঙ্গুলে ধরা চিরই এখন ভোগাচ্ছে তাকে। সবুজ গালিচায় গা গরম করলেও, চিকিৎসকদের পরামর্শে বল ঠেকানোর মূল মহড়া থেকে দূরে আছেন ‘বাজপাখি’ খ্যাত এই গোলকিপার।

কানসাস সিটিতে সোমবারের প্রথম অনুশীলন শেষে মার্টিনেজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ??‘প্রচণ্ড উদ্দীপনা নিয়ে প্রথম দিন পার করলাম। সব কিছুতে অংশ নিতে না পারায় কিছুটা মন খারাপ, তবে বন্ধুদের (সতীর্থদের) মাঝে ফিরতে পেরে এবং দেশের টানে সবাই একসঙ্গে, একতাবদ্ধ হতে পেরে ভীষণ আনন্দিত।’ আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলকিপার হিসেবে মার্টিনেজের জায়গা অটুট থাকলেও, আগামী ১৬ই জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তাই হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচ দু’টিকে মার্টিনেজের বিকল্প নির্ধারণের মঞ্চ হিসেবে ব্যবহার করবেন কোচ লিওনেল স্কালোনি। মার্টিনেজের ব্যাক-আপ হিসেবে স্কালোনির রাডারে আছেন গেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

পরিসংখ্যান ও অভিজ্ঞতার বিচারে মার্সেইয়ের ৩৪ বছর বয়সী গোলকিপার রুলি অনেকটাই এগিয়ে। আর্জেন্টিনার জার্সিতে খেলা ৭ ম্যাচে অপরাজিত রুলি গোল হজম করেছেন মাত্র ২টি। এছাড়া ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী দলের সদস্য হওয়ায় বড় টুর্নামেন্টের আবহ তার পরিচিত।
রুলির ধারাবাহিকতা ও অতীত রেকর্ড তাকে এগিয়ে রাখলেও, সাম্প্রতিক ফর্মে হুয়ান মুসো রুলিকে নিশ্চিন্ত থাকতে দিচ্ছেন না। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ইয়ান অবলাকের চোটের সুযোগে বাজিমাত করেছেন মুসো।

২০২৬ সালে মাত্র ১২ ম্যাচ খেললেও, স্প্যানিশ জায়ান্টদের চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। জাতীয় দলের হয়ে ৩ ম্যাচ খেলা মুসোর এই সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম স্কালোনির ভাবনার পরিধি বাড়াচ্ছে।
প্রীতি ম্যাচ দুটিতে এই দুই বিকল্পের যোগ্যতা পরখ করেই হয়তো আলজেরিয়া ম্যাচের চূড়ান্ত ছক সাজাবে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’ তে বর্তনাম চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন