অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

নারী ও পুরুষ দলের টিকে থাকার লড়াই

ফন্ট সাইজ:

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ ও চীন নারী দলের লড়াই আগের দিনই টার্ফে গড়ানোর কথা ছিল। কিন্তু তা ভণ্ডুল করে দেয় টাইফুন। ম্যাচ স্থগিত হয়ে যায়। পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী সেই ম্যাচটি হবে আজ সকাল ১১টায়। এই ম্যাচে চীনকে বড় ব্যবধানে হারাতে পারলেই সেমিফাইনালে যাবে লাল-সবুজ মেয়েরা। ড্র কিংবা হেরে গেলে স্থান নির্ধারণীতে খেলবেন আইরিনরা। একই চ্যালেঞ্জ পুরুষ দলের। পুল পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালে খুলবে সেমিফাইনালের দরজা। ড্র হলেও লাল-সবুজ প্রতিনিধিদের স্থান নির্ধারণীতে খেলতে হবে। দু’দলের লড়াই শুরু বিকাল ৩টায়। পুল ‘বি’ তে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ১২-০ গোলের বড় ব্যবধানে হারে বাংলাদেশের মেয়েরা। অবশ্য পরের ম্যাচেই তারা ঘুরে দাঁড়ায়।

চাইনিজ তাইপের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় মেয়েরা। সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে গতকাল চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল। সেটি স্থগিত হওয়া প্রসঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্নেল রিয়াজুল হাসান (অব) বলেন, ‘আজ (গতকাল) সকালে একটি ম্যাচ হয়েছে। দুপুর থেকে টাইফুন আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এজন্য আজকের খেলাগুলো স্থগিত হয়েছে। এশিয়ান হকি ফেডারেশন সূচিতে পরিবর্তন এনেছে।’

পুল ‘বি’ তে দুই ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ বাংলাদেশের মেয়েদের। পয়েন্ট তালিকার তিনে আছে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জাপান। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে চীন। দুই ম্যাচের দুটিতেই হার দেখা চাইনিজ তাইপে ছিটকে গেছে সেমিফাইনালের দৌড় থেকে। পুল ‘এ’ থেকে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে রেখেছে ভারত ও দক্ষিণ কোরিয়ার মেয়েরা। ৪ঠা জুন হবে পঞ্চম-অষ্টম স্থান নির্ধারণী লড়াই।

পর দিন হবে মেয়েদের সেমিফাইনাল। ৬ই জুন হবে ফাইনাল। নারী দল প্রথম ম্যাচ হারলেও টুর্নামেন্টে মালয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশের পুরুষ দল। অবশ্য পরের ম্যাচে চীনের সঙ্গে লড়াই করে ৩-২ গোলে হেরে যায়। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’ তে তিনে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে মালয়েশিয়া। পুরুষদের সেমিফাইনাল ও স্থান নির্ধারনী হবে ৫ই জুন। পরের দিন হবে ফাইনাল। ২০১৬ সালে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে ভারতের কাছে ৫-৪ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। আর ২০২৫ সালে চীনে হওয়া এই টুর্নামেন্টে তৃতীয় হওয়া মেয়েদের সর্বোচ্চ সাফল্য।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন