প্রয়াত জোতা বাড়তি শক্তি যোগাচ্ছে পর্তুগিজদের

ফন্ট সাইজ:

আগামী ১৭ই জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পর্তুগালের বিশ্বকাপ অভিযান। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগে পর্তুগাল শিবিরে এক ভিন্ন আবেগ ও অভূতপূর্ব আত্মবিশ্বাস। গত বছর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো তরুণ উইঙ্গার দিয়েগো জোতার স্মৃতিকে সঙ্গী করে এবার বিশ্বজয়ের লক্ষ্যে মাঠে নামছে পর্তুগিজরা। দলটির মিডফিল্ডার রুবেন নেভেস জানিয়েছেন, প্রয়াত জোতাই এবার স্কোয়াডের ‘অদৃশ্য সঙ্গী’ এবং তাদের মূল প্রাণশক্তি।
বিশ্বকাপের মূল মঞ্চে পর্তুগালকে শীর্ষ ফেভারিট না ভাবলেও, জোতার প্রতি ভালোবাসা দলকে বাড়তি শক্তি জোগাবে বলে বিশ্বাস নেভেসের। আল-হিলালের এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘মাঝে মাঝে বাড়তি শক্তি পাওয়ার জন্য কোনো কিছু আঁকড়ে ধরার প্রয়োজন হয়। জোতার স্মৃতি আমাদের ঠিক সেই নির্দিষ্ট মুহূর্তে বাড়তি শক্তি জোগাবে এবং লক্ষ্য অর্জনে সাহায্য করবে। আমাদের লক্ষ্য পরিষ্কার- ফাইনালে পৌঁছানো, জয়লাভ করা এবং বিশ্বকাপ হাতে নিয়ে ফেরা।’

পর্তুগাল দলের এই আবেগের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সব শঙ্কা উড়িয়ে ৪১ বছর বয়সে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে দলের অনুশীলনে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের এ কিংবদন্তি ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘বিশ্বকাপ মিশন শুরু’। পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ রোনালদোকে নিয়ে বলেন, ‘ক্রিস্টিয়ানো কোনো নির্দিষ্ট শিরোপার জন্য খেলে না। তার আসল রহস্য হলো ক্ষুধা। সে যা-ই জিতুক না কেন, পরদিন নিজেকে আরও উন্নত করার একই তাড়না নিয়ে মাঠে নামে। এমনকি ২০৩০ বিশ্বকাপেও সে লড়াই করবে- এ বিষয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়।’ রোনালদো বাকিদের চেয়ে কোথায় আলাদা, সেটি নির্দিষ্ট করে পর্তুগিজ কোচ আরও বলেন, “আমার মনে হয়, এই লক্ষ্যই একজন খেলোয়াড়কে এত দীর্ঘ সময় ধরে সেরা পর্যায়ে টিকে থাকতে সাহায্য করে। আমি অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি, যারা চ্যাম্পিয়নস লীগ বা ব্যালন ডি’অর জয়ের পরের দিন আর আগের মতো ক্ষুধার্ত থাকে না।” ১৯৬৬ সালের বিশ্বকাপে তৃতীয় হওয়া পর্তুগাল গত দুই দশকে আর সেমিফাইনালের মুখ দেখেনি।

তবে এবার নুনো মেন্দেস, ভিতিনহাদের মতো চ্যাম্পিয়ন্স লীগ জয়ী তরুণ সতীর্থদের নিয়ে আশাবাদী নেভেস। গ্রুপ ‘এইচ’-এ পর্তুগালের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন