এআইভিত্তিক (কৃত্রিম বুদ্ধিমত্তা) ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট (সংখ্যা) ঢেকে সড়কে চলাচলের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাকে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন আদালত।
মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও নজরে আসে, যেখানে দেখা যায় এক মোটরসাইকেল চালক নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা ইচ্ছাকৃতভাবে ঢেকে রেখে সড়কে চলাচল করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে ডিএমপি। গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর কারওয়ান বাজার ক্রসিংয়ে রাস্তার ওপর মো. লাবলু হক (৩৮) মালিকানাধীন মোটরসাইকেলের নম্বর প্লেটের শেষের তিনটি ডিজিট সাদা স্কচটেপ দিয়ে ঢেকে রেখে মোটরসাইকেল চালানোর অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় আদালত তাকে ২০০০ টাকা জরিমানা করে।’
মো. আনিছুর রহমান বলেন, ‘এআই ক্যামেরাকে ফাঁকি দেয়ার এই অভিনব কৌশল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মামলা দেয়া, জরিমানা করা কিংবা কাউকে শাস্তি দেয়াই আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের প্রধান লক্ষ্য হলো মানুষকে সচেতন করা, যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করেন, সেক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এআই ভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থাকে ফাঁকি দিতে কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
মো. আনিছুর রহমান বলেন, ‘আমরা শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করব। যেসব যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট, ভাঙা, বিকৃত অথবা ইচ্ছাকৃতভাবে আংশিক ঢেকে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এআই প্রযুক্তি নম্বর প্লেট শনাক্তকরণের মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগে সহায়তা করে। কিন্তু নম্বর প্লেট অস্পষ্ট বা বিকৃত হলে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।’
