কোটি ফুটবলপ্রেমীর চরম উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ভারতে সম্প্রচার স্বত্ব চূড়ান্ত করলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সোমবার ফিফা এবং ‘জি এন্টারটেইনমেন্ট’ যৌথভাবে ঘোষণা করেছে যে, ২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপসহ ২০৩৪ সাল পর্যন্ত ফিফার মোট ৩৯টি টুর্নামেন্টের ভারত অঞ্চলের সম্প্রচার স্বত্ব নিজেদের ঝুলিতে পুরেছে ‘জি’।
বিশ্বের অন্যতম বড় এই বাজারে সম্প্রচার স্বত্ব বিক্রি না হওয়ায় কয়েক মাস ধরে এক চরম অচলাবস্থা তৈরি হয়। অবশেষে সেই খরা কাটল জি’র হাত ধরে। আর্থিক বিষয়গুলো এখনো গোপন রাখা হলেও, জানা গেছে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য ফিফা প্রথমে ১০০ মিলিয়ন ডলার দাবি করে। তবে পরে তা কমিয়ে ৬০ মিলিয়ন ডলারে নির্ধারণ করা হয়। রিলায়েন্স-ডিজনির যৌথ স্পোর্টস ব্রডকাস্টার ‘জিওস্টার’ মাত্র ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিলে ফিফা তা নাকচ করে দেয়। অন্যদিকে সনি আলোচনায় অংশ নিলেও কোনো বিড করেনি।
এ চুক্তির পর ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ফিফা বিশ্বকাপ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী, এবং আমরা ভারতে এই বিশ্বযজ্ঞ পৌঁছে দিতে প্রথমবারের মতো ‘জি’-এর সঙ্গে অংশীদার হতে পেরে আনন্দিত। ভারতের বাজার ফিফার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
চুক্তি অনুযায়ী, ‘জি’ তাদের লিনিয়ার টেলিভিশন চ্যানেল (ইউনাইট৮ স্পোর্টস) এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’-এর মাধ্যমে একাধিক ভাষায় ২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচসহ ফিফার নারী ও অনূর্ধ্ব-১৭/২০ বিশ্বকাপ সম্প্রচার করবে।
জি এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী পুনিত গোয়েঙ্কা এই ঐতিহাসিক চুক্তি নিয়ে বলেন, ‘ফুটবল যেকোনো অঞ্চল বা সীমানার উর্ধ্বে। ফিফার সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব ফুটবলের প্রকৃত মূল্য উন্মোচন করবে এবং প্রতিটি ভক্তের জন্য খেলার উত্তেজনা বাড়িয়ে তুলবে।’
