বাসায় মরে পড়ে ছিলেন বৃদ্ধা, জানেন না যুগ্মসচিব-বুয়েট শিক্ষক ছেলে

বাসায় মরে পড়ে ছিলেন বৃদ্ধা, জানেন না যুগ্মসচিব-বুয়েট শিক্ষক ছেলে

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি বাসা থেকে নুরজাহান বেগম নামে ৭৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার ৯৯৯–এ কল পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

একটি বহুতল ভবনের চতুর্থ তলায় মেয়ের বাসার একটি কক্ষে দীর্ঘদিন ধরে নিঃসঙ্গ জীবন-যাপন করে আসছিলেন নূরজাহান বেগম। পুলিশ বলছে, নুরজাহানের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক।

ওই বৃদ্ধা বাসার যে কক্ষে থাকতেন, সেটি আবর্জনায় ভরা ছিল। দেখে মনে হয়েছে কয়েক বছরে কেউ সেখানে প্রবেশ করেনি। মরে কয়েকদিন পড়ে থাকলেও মেয়ে খোঁজ নেননি মায়ের।

পল্লবী থানার ওসি মো. হাসান বাসির সাংবাদিকদের বলেন, ‘রোববার তার মেয়ে মাকে ডাকতে গেলে সাড়া না পেয়ে একজন নার্সকে ডাকেন। তিনি ভেবেছিলেন তার মা অসুস্থ। পরে নার্স বাসায় এসে দেখতে পান—তিনি মারা গেছেন। এরপর বের হয়ে মানুষজনকে জানালে প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবায় ফোন করে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।’

তিনি বলেন, ‘বৃদ্ধার মেয়েকে দেখে অস্বাভাবিক মনে হয়েছে। মা মরে পচে আছেন, অথচ তিনি গন্ধও পাননি। তার কথাবার্তায় অসংলগ্নতার কারণে আমরা লাশটি ময়নাতদন্তে পাঠিয়েছি।’

মো. হাসান বাসির বলেন, ‘নুরজাহান বেগম যে বাসায় ছিলেন, সেটা তার মেয়ের বাসা। বাসাটি খুব নোংরা ছিল। নুরজাহানের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েট শিক্ষক। মেয়েজামাতাও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। যিনি বছর পাঁচেক আগে মারা গেছেন।’