কোচ ছাড়াই মেক্সিকোর বিমান ধরলো দক্ষিণ আফ্রিকা

কোচ ছাড়াই মেক্সিকোর বিমান ধরলো দক্ষিণ আফ্রিকা

ফন্ট সাইজ:

২০২৬ বিশ্বকাপ শুরুর বাঁশি বাজতে বাকি মাত্র দিনকয়েক। অথচ মাঠের লড়াইয়ে নামার আগেই এক প্রশাসনিক জটিলতার পড়লো দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন (সাফা)। মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেয়ার কথা থাকলেও, ভিসা জটিলতার কারণে শেষ পর্যন্ত সহকারী কোচ হেলম্যান মাখালিলেকে ছাড়াই দেশ ছাড়তে বাধ্য হয়েছে ‘বাফানা বাফানা’ দল।

জোহানেসবার্গ থেকে গত রোববারই চার্টার্ড ফ্লাইটে মেক্সিকোর পাচুকা শহরের বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা দলের। তবে খেলোয়াড় এবং কোচিং স্টাফদের ভিসা পেতে দেরি হওয়ায় পুরো ২৪ ঘণ্টা পিছিয়ে যায় তাদের যাত্রা। অবশেষে সোমবার মেক্সিকোর বিমান ধরলেও, বিমানে সিট পাননি সহকারী কোচ এবং ১৯৯৮ বিশ্বকাপে খেলা সাবেক তারকা উইঙ্গার মাখালিলে। যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল তার ভিসা আবেদন কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই প্রত্যাখ্যান করেছে।

সাফা সভাপতি ড্যানি জর্ডান দক্ষিণ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশনকে ক্ষোভের উগড়ে দিয়ে বলেন, ‘তারা ভিসা দেয়নি, তবে কোনো কারণও দেখায়নি। কোনো তথ্য ছাড়া এমন পরিস্থিতি সামাল দেয়া ভীষণ কঠিন। আমরা অন্ধকারে ঢিল ছুড়ছি। তবে আশা করছি দ্রুতই এর সমাধান হবে।’

আগামী ১১ই জুন মেক্সিকো সিটিতে যৌথ আয়োজক মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর্দাও ওঠে একই ম্যাচ দিয়ে। মূল পর্বের আগে শুক্রবার জ্যামাইকার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার।

প্রধান কোচ হুগো ব্রোস মেক্সিকো ভ্রমণের অনিশ্চয়তা কেটে যাওয়ায় স্বস্তি প্রকাশ করে বলেন, ‘গত কয়েকটা দিন ভীষণ মানসিক চাপে কেটেছে। তবে এখন এসব অতীত, আমাদের নজর সামনে। মেক্সিকোর পৌঁছানোর পর হাতে মাত্র ১০ দিন সময় থাকবে, যা চোখের পলকে কেটে যাবে।

গ্রুপ ‘এ’ তে থাকা দক্ষিণ আফ্রিকা ১৮ই জুন আটলান্টায় মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের। এবং ২৪ জুন মেক্সিকোর মন্টেরিতে তারা লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। নিজেদের চতুর্থ বিশ্বকাপে এসে এবারই প্রথম গ্রুপ পর্বের বৈতরণী পার হতে মরিয়া দক্ষিণ আফ্রিকানরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন