ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ৯৯ শতাংশ নিয়ে ঐকমত্য

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ৯৯ শতাংশ নিয়ে ঐকমত্য

ফন্ট সাইজ:

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির প্রথম ধাপ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। তার ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে আলোচনার প্রায় ৯৯ শতাংশ বিষয়েই ইতিমধ্যে ঐকমত্য হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তিন দিনের আলোচনায় অংশ নিচ্ছে। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে আসা এই দলটি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে চুক্তির চূড়ান্ত খুঁটিনাটি নিয়ে আলোচনা করছে।

সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গয়াল বলেন, অধিকাংশ ইস্যু সমাধান হয়ে গেছে এবং এখন খুব সামান্য কিছু প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত বিষয় বাকি আছে।
গত ফেব্রুয়ারিতে দুই দেশ এ বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল।
এরপর যুক্তরাষ্ট্রে শুল্ক সংক্রান্ত কিছু আইনি জটিলতা তৈরি হলে আলোচনার গতি কিছুটা ধীর হয়ে যায়।

পরবর্তীতে ট্রাম্প প্রশাসন কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য অনিয়মের অভিযোগে নতুন করে তদন্ত শুরু করে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী ১০ শতাংশ সাধারণ শুল্ক বহাল রাখে।

গয়াল জানান, এসব নতুন আইনি ও নীতিগত পরিবর্তন চূড়ান্ত খসড়ায় কীভাবে অন্তর্ভুক্ত হবে, তা এখন পর্যালোচনা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই চুক্তির প্রথম ধাপ স্বাক্ষরিত হবে।

ভারত ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, অন্তর্বর্তী এই চুক্তির পর আরও বিস্তৃত একটি পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির দিকে অগ্রসর হবে দুই দেশ।
সম্প্রতি মার্কিন পক্ষ থেকেও বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রথম ধাপের চুক্তি স্বাক্ষর হতে পারে।

উভয় দেশ ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। সেই লক্ষ্য সামনে রেখে শুল্ক ও বাজারে প্রবেশাধিকার নিয়ে দীর্ঘদিনের বিরোধ মেটাতে ধারাবাহিক আলোচনা চলছে।
ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, এই চুক্তিতে দেশের কৃষি ও দুগ্ধ খাতের মতো সংবেদনশীল ক্ষেত্রগুলোর স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে। পাশাপাশি এটি ভারতীয় রপ্তানিকারকদের জন্য বিশাল মার্কিন বাজারে প্রবেশের সুযোগ আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন