ভোলার কোড়ালিয়া গ্রামে নিজ বাড়িতে মায়ের কবরের পাশে সমাহিত হবেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা তোফায়েল আহমেদ। তার শেষ ইচ্ছা অনুযায়ী ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে বাবা-মায়ের কবরের পাশেই দাফন করা হবে। এ উপলক্ষে গ্রামের বাড়িতে চলছে কবর প্রস্তুতের কাজ। তাকে শেষবারের মতো দেখতে স্থানীয়দের ভিড়ও বাড়ছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা দিকে হেলিকপ্টারে করে মরদেহ অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে ভোলা শহরের সরকারি স্কুল মাঠে জানাজার জন্য আনা হবে। জোহরের নামাজ শেষে বেলা ২ টায় সরকারি স্কুল খেলার মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ ভোলার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে এলাকার মানুষ একজন অভিভাবকসুলভ নেতাকে হারালেন বলে মন্তব্য করেন অনেকে।
মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকেই তার গ্রামের বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। তাকে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় করেন শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষ।
এর আগে গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ।
