স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে এবং চুক্তি করতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক একটি সূত্র। মঙ্গলবার (২ জুন) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা দ্রুত গতিতে চলছে। তিনি বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে ওয়াশিংটন ও তেহরান তাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে একটি চুক্তিতে পৌঁছাবে।
এবিসি নিউজকে ট্রাম্প বলেন, আমি মনে করি আগামী সপ্তাহের মধ্যে আমরা একটি চুক্তিতে পৌঁছাবো।
এর আগে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করার ঘোষণা দেয় ইরান। দেশটি সর্বশেষ স্পষ্ট করে বলে, লেবানন ও গাজায় ইসরাইলি সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনা পুনরায় শুরু হবে না।
ইরানের এমন ঘোষণার পর ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
লেবাননে ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধির জেরে ফোনালাপে নেতানিয়াহুর ওপর ক্ষোভে ফেটে পড়েন ট্রাম্প। তাদের ওই কথোপকথনে অশালীন শব্দও ব্যবহৃত হয়েছে।
এদিনের ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলেন ট্রাম্প। তিনি বৈরুতে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনায় আপাতত রাশ টেনেছেন।
ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে বলেছেন, তুমি বদ্ধ উন্মাদ। আমি না থাকলে তোমাকে জেলে পচতে হতো। তোমাকে আমিই বাঁচাচ্ছি। সবাই এখন তোমাকে ঘৃণা করে। এসবের জন্য এখন সবাই ইসরাইলকেও ঘৃণা করে।
