মার্কিন-ইসরাইলি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন-ইসরাইলি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

ফন্ট সাইজ:

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি নৌবাহিনী) দাবি করেছে, তারা মার্কিন-ইসরাইলি মালিকানাধীন এমএসসি সারিস্কা নামের একটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার (২ জুন) মিডল ইস্ট আইয়ের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, ওমান সাগরে ইরানি জাহাজ ‘লিয়ান স্টার’-এর ওপর যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতেই এই আঘাত হানা হয়েছে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপের জবাব ‘কঠোর ও সিদ্ধান্তমূলকভাবে’ দেয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হামলার পর ইরাকের আঞ্চলিক জলসীমায় থাকা জাহাজটিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে জরুরি সেবাকর্মীদের দেখা গেছে।

তবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কা’আনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল যদি লেবানন ও গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে বাব-আল মান্দাব প্রণালিতেও হরমুজের এর মতো নৌযান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথগুলোতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ ও বাব আল-মান্দাব উভয় প্রণালিই বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব রুটে কোনো ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।