ইউক্রেনে রাতভর রাশিয়ার ব্যাপক হামলা, বহু হতাহত

ইউক্রেনে রাতভর রাশিয়ার ব্যাপক হামলা, বহু হতাহত

ফন্ট সাইজ:

ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে রাশিয়ার হামলায় দিনিপ্রোতে চারজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। এ ছাড়া রাজধানী কিয়েভে একজন নিহত এবং অন্তত ২৯ জন আহত হয়েছে।

রাশিয়ার অতর্কিত হামলার কারণে রাজধানীর কেন্দ্রস্থলে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। সেখানকার হাজার হাজার বাসিন্দা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। এদিন ইউক্রেনের বিভিন্ন শহরেই বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে।

গত মাসে রুশ নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলায় ২১ জন নিহত হওয়ার জবাবে মস্কো ইউক্রেনের ওপর ‘পরিকল্পিত হামলা’ চালানোর হুঁশিয়ারি দেয়। এরপরেই দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া কিয়েভের নগর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেছেন, শত্রুপক্ষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে।

ক্লিতস্কো বলেছেন, হামলায় দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, রুশ হামলা ভোর পর্যন্ত কিয়েভে অব্যাহত থাকায় শহরজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে আকাশে ড্রোনের গুঞ্জনও স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। এক ডজনেরও বেশি শক্তিশালী বিস্ফোরণে রাজধানী কিয়েভ কেঁপে ওঠে।

এ ছাড়া হামলার কারণে শহরজুড়ে বিদ্যুৎ বিভ্রাট ও অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির ব্যাপকতা এখনও স্পষ্ট নয়। বিবিসি বলেছে, জাপোরিঝিয়ায় একটি শিল্প স্থাপনাতেও হামলা হয়েছে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন