লেবাননের রাজধানীতে ভয়াবহ পরিস্থিতি, পালাচ্ছেন বাসিন্দারা

লেবাননের রাজধানীতে ভয়াবহ পরিস্থিতি, পালাচ্ছেন বাসিন্দারা

ফন্ট সাইজ:

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ থেকে বিপুল সংখ্যক মানুষ নিরাপদ স্থানে সরে যাচ্ছে। ইসরাইল ওই এলাকায় নতুন করে হামলার নির্দেশ দেয়ার পর সেখানকার রাস্তায় ব্যাপক যানজট ও জনস্রোত দেখা গেছে।

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়েহ এলাকা থেকে মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়ছে বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক জেইনা খোদর।
তিনি বলেন, হামলার নির্দেশ ঘোষণার পরপরই স্থানীয়রা যেকোনোভাবে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলাকা ছাড়তে শুরু করে।

তিনি আরও জানান, অনেক সরকারি আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে, ফলে অনেক মানুষ নিজেদের গাড়িতেই অবস্থান করছেন এবং পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে বৈরুতে কোনো শান্তি থাকবে না। একই সঙ্গে তিনি দক্ষিণ লেবাননের লিতানি নদী এলাকায় একটি সামরিক-নিয়ন্ত্রিত অঞ্চল গঠনেরও ঘোষণা দেন ।

তিনি বলেন, যদি উত্তর ইসরাইলে শান্তি না থাকে, তবে বৈরুতেও শান্তি থাকবে না দাহিয়েহকে লক্ষ্য করে চলমান অভিযানের প্রেক্ষাপটে তিনি এসব মন্তব্য করেন।
ইসরাইলি সেনাবাহিনী গতকাল লেবাননের দক্ষিণে অবস্থিত প্রায় ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ দখল করেছে। যা দেশটিতে সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে গভীর সামরিক অগ্রযাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাহিয়েহ এলাকায় হামলার নির্দেশ দেন এবং বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান আরও গভীরে বিস্তৃত করা হবে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন