বেশ কিছুদিন ধরেই গুঞ্জন- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে আর থাকছেন না শন টেইট। ফলে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তার উপস্থিতি নিয়েও দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বেঙ্গল দলের কোচিং প্যানেলে যোগ দিতে আগ্রহী টেইট। সেই লক্ষ্যে তিনি একটি সাক্ষাৎকারেও অংশ নিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রও ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা ইতিমধ্যেই নিজের অবস্থান সম্পর্কে বোর্ডকে অবহিত করেছেন। ফলে ৩রা জুন নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে তিনি বাংলাদেশে আসবেন কি না, সেটিও এখনও স্পষ্ট নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্মকর্তা বলেন, ‘তিনি (টেইট) অস্ট্রেলিয়া সিরিজের আগে দলের সঙ্গে যোগ দিতে আসবেন কি না, তা নিশ্চিত নই। পারিবারিক কারণ দেখিয়ে তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন।’ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ টেইট ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে যোগ দেন। তার পর সফল ছিলেন নিজের ভূমিকায়। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার উন্নতিতে তার অবদান ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
আগামী ৯ থেকে ২১শে জুন বাংলাদেশে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দু’দল যাবে চট্টগ্রাম। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১শে জুন ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফায়েজ শুভ্র
১ মাস আগেআবারও অ্যালান ডোনাল্ড কে চাই।উনিই আমাদের জন্য উপযুক্ত।