লঙ্কান প্রিমিয়ার লীগে (এলপিএল) দল পেলেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। এরা হলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজ। শ্রীলঙ্কার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লীগের ষষ্ঠ আসর শুরু আগামী ১৭ই জুলাই। প্লেয়ার্স ড্রাফস শুরুর আগে সরাসরি চুক্তিতে দল পান তিন টাইগার ক্রিকেটার।
অলরাউন্ডার সাকিব আল হাসানকে আইকন ক্যাটাগরি থেকে সরাসরি দলে ভেড়ায় জাফনা কিংস। একই দলে ডাক পান পেসার তাসকিন আহমেদ। তাকে স্টার ক্যাটাগরি থেকে দলে নেয় জাফনা। আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাসকে দলে ভেড়ায় গল গ্যালান্টস। গতকাল প্লেয়ার্স ড্রাফট থেকে দল পান আরো দুই টাইগার ক্রিকেটার। ক্লাসিক ক্যাটাগরি (বিদেশি) থেকে পেসার হাসান মাহমুদকে দলে নেয় কলম্বো ক্যাপস। ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ খেলবেন লিটনের দল গল গ্যালান্টসে।
২০২৩ সালের এলপিএলে গল টাইটানসের হয়ে ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে ১১ উইকেট নেন সাকিব আল হাসান। তাসকিন ২০২৪ সালে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেন। ওই আসরে তিন ম্যাচে ৪ উইকেট নেন ডানহাতি এ পেসার। ২০২৩ সালে ডানহাতি ব্যাটার লিটন খেলেন গল টাইটান্সের হয়ে ৩ ম্যাচে ৩৪ রান করেন।
