একুশে ফেব্রুয়ারি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা : ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

একুশে ফেব্রুয়ারি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা : ডিএমপি কমিশনার

ফন্ট সাইজ:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক জনসমাগম হবে। এ উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করে বলেন, অমর একুশের অনুষ্ঠানও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। তিনি জানান, নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনারকেন্দ্রিক নয়; পুরো ঢাকা শহরজুড়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
শহীদ মিনারে যেতে নির্দিষ্ট কয়েকটি সড়ক ব্যবহার করার কথা জানিয়ে তিনি বলেন, পলাশীর মোড়-জগন্নাথ হল ক্রসিং হয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। এ ছাড়া অন্য কোনো রাস্তা ব্যবহার করা যাবে না। শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর অথবা চানখারপুল দিয়ে শহীদ মিনার ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শহীদ মিনার এলাকায় কোনো ধরনের ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য বহন করা যাবে না। নির্ধারিত রুট অনুসরণ করে প্রবেশ ও প্রস্থান করতে হবে এবং শ্রদ্ধা নিবেদন শেষে অন্যদের সুযোগ করে দিতে হবে।

নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে শুক্রবার সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশপথে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার। বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।






কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন