বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ভারতের অনিশ্চয়তা কাটলো

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ভারতের অনিশ্চয়তা কাটলো

ফন্ট সাইজ:

আর ১০ দিন পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের। ঠিক এমন মূহূর্তে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাথে চুক্তি সম্পন্ন করলো ভারতের অন্যতম শীর্ষ মিডিয়া গ্রুপ ‘জি এন্টারটেইনমেন্ট’। কয়েক মাসের দরকষাকষি শেষে ভারতের বাজারে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে তারা। আজ ফিফা ও জি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে যৌথ বিবৃতির মাধ্যমে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

দ্য টেলিগ্রাফ অনলাইনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই চুক্তি কেবল ২০২৬ বিশ্বকাপের মধ্যে সীমাবদ্ধ নয়। আগামী ৮ বছরের জন্য ফিফার মোট ৩৯টি ইভেন্টের সম্প্রচার স্বত্ব পেয়েছে জি। যার মধ্যে ২০২৬ ও ২০৩০ সালের পুরুষ বিশ্বকাপ ছাড়াও রয়েছে ২০২৭ সালের নারী বিশ্বকাপ। তবে চুক্তির আর্থিক অঙ্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কোনো পক্ষই। সূত্র মারফত জানা গেছে, ভারত অঞ্চলের জন্য প্রথমে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের প্যাকেজ মূল্য প্রায় ১০০ মিলিয়ন ডলার চেয়েছিল ফিফা। কিন্তু কোনো স্পন্সর না পাওয়ায় বাধ্য হয়ে পরবর্তীতে সেই দাম কমিয়ে ৬০ মিলিয়ন ডলারে নামিয়ে আনে সংস্থাটি। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের জন্য ভারতের ভায়াকম-১৮ প্রায় ৬০ মিলিয়ন ডলার খরচ করেছিল।

ভারতের স্পোর্টস ব্রডকাস্ট বাজারের সিংহভাগই এখন মুকেশ আম্বানির ‘জিও-স্টার’ (রিলায়েন্স-ডিজনি যৌথ উদ্যোগ) এর দখলে। আইপিএল ও ইংলিশ প্রিমিয়ার লীগের স্বত্ব থাকা জিও-স্টার এবার বিশ্বকাপের জন্য মাত্র ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিলে ফিফা তা ফিরিয়ে দেয়। অন্যদিকে সনি আলোচনা করলেও কোনো বিড (ডাক) করেনি। মূলত সময়ের ব্যবধানের (টাইম জোন) কারণেই এবার ভারতীয় উপমহাদেশের ব্রডকাস্টারদের আগ্রহ কম ছিল। আমেরিকা অঞ্চলে ম্যাচ হওয়ায় ভারত ও বাংলাদেশে বেশিরভাগ খেলা সরাসরি সম্প্রচার হবে মাঝরাত কিংবা ভোররাতে। ফিফার সাথে এই মেগা চুক্তির খবরটি বাজারে আসতেই জি এন্টারটেইনমেন্টের শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন