ইরানের বিরুদ্ধে ফুঁসে উঠলো সৌদি, কুয়েতের পাশে থাকার বার্তা

ইরানের বিরুদ্ধে ফুঁসে উঠলো সৌদি, কুয়েতের পাশে থাকার বার্তা

ফন্ট সাইজ:

ইরানের ‘বারংবার ও বিদ্বেষপূর্ণ’ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলা চালিয়েছে বলে দাবি করার পর এই প্রতিক্রিয়া জানালো রিয়াদ। এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা এই হামলার সুস্পষ্ট প্রত্যাখ্যান পুনর্ব্যক্ত করছে, কারণ এটি কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করছে। সৌদি আরব কুয়েতের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং দেশটির সরকার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছে।
একই সঙ্গে কুয়েত তার নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণ রক্ষায় যেসব পদক্ষেপ নেবে, সৌদি আরব তা সমর্থন করবে বলেও জানানো হয়।

এর আগে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের হামলাগুলো দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত। সেই সঙ্গে বিবৃতিতে আরও বলা হয়, কুয়েত তার নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার অধিকার রাখে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন