রাজধানী ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
পূর্ভাবাসের তথ্যানুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৮ মিনিটে।
অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে।
