বৈরুতে নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর, রক্তাক্ত লেবানন

বৈরুতে নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর, রক্তাক্ত লেবানন

ফন্ট সাইজ:

লেবাননে হামলা আরও তীব্র করেছে ইসরাইল। দেশটি লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও শুরু করেছে। এমন পরিস্থিতির মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলার নির্দেশ দিয়েছেন। এই খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, দাহিয়েহ এলাকায় ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হবে, যেখানে ইরানসমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে।
এ ছাড়া ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, আমাদের অভিযান এখনো শেষ হয়নি। আমরা হিজবুল্লাহর ক্ষমতা সম্পূর্ণভাবে ভেঙে দিতে দৃঢ় প্রতিজ্ঞ।

এর আগে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের লিতানি নদী অতিক্রম করে প্রায় ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ দখল করে নিয়েছে। এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লেবাননের একটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত।
লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চললেও দেশটিতে সাম্প্রতিক দিনগুলোতে হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী।

এ নিয়ে লেবাননের ঊর্ধতন সরকারি এক কর্মকর্তা বিবিসিকে বলেন, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ওপর নির্ভর করছে যাতে ইসরাইলের সামরিক পদক্ষেপ বন্ধ করা যায় এবং বেসামরিক হতাহতের ঝুঁকি কমানো সম্ভব হয়।

এদিকে রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলেছেন। এনিয়ে মার্কিন এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে লেবাননকে হিজবুল্লাহর হামলা বন্ধে চাপ দিতে বলা হয়েছে, এর বিনিময়ে ইসরাইল বৈরুতে নতুন করে উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবের লক্ষ্য হলো ধাপে ধাপে উত্তেজনা কমিয়ে কার্যকর যুদ্ধবিরতির পথ তৈরি করা।
লেবাননের সরকারি হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননে নিহত হয়েছে অন্তত তিন হাজার ৩৭১ জন, যাদের মধ্যে বেসামরিক ও যোদ্ধা উভয়ই রয়েছে।
একই সময়ে ইসরাইল বলছে, তাদের ২৪ জন সেনা ও ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন