জার্মানির বড় জয়ে জোড়া গোল উন্দাভের

জার্মানির বড় জয়ে জোড়া গোল উন্দাভের

ফন্ট সাইজ:

বিশ্বকাপের মূল মঞ্চে মাঠে নামার আগে ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেললো জার্মানি। মাইনৎসে ফিনল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়রা। এ ম্যাচে জার্মানির জয়ের নায়ক স্ট্রাইকার ডেনিজ উন্দাভ। নিজে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করান আরও একটি গোল।

চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলার কারণে কাই হাভার্টজ এখনো দলে যোগ না দেননি। ফলে একাদশে সুযোগ পান উন্দাভ। আর সেই সুযোগ শতভাগ কাজে লাগালেন তিনি। ম্যাচের ৩৪তম মিনিটে অধিনায়ক জশুয়া কিমিচের চমৎকার ক্রস থেকে নিখুঁত হেডে জার্মানিকে এগিয়ে নেন এই স্টুটগার্ট তারকা। বিরতির পর ফিনল্যান্ডের ডিফেন্ডার ভিলে কোস্কির ভুল পাস ধরে ফ্লোরিয়ান ভির্টজকে দিয়ে দলের দ্বিতীয় গোলটি করান তিনি।

এর কিছুক্ষণ পর ১৮ বছর বয়সী অভিষিক্ত লেনার্ট কার্লের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন উন্দাভ। তবে গোল উদযাপনের পরপরই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে, যা জার্মান শিবিরের জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে।

ম্যাচের বড় আকর্ষণ ছিল জামাল মুসিয়ালার প্রত্যাবর্তন। পায়ের হাড় ভেঙে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। ২০২৩ সালের মার্চের পর এই প্রথম জার্মানির জার্সিতে মাঠে নামেন মুসিয়ালা। ম্যাচের ৬৩তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করে নিজের ফেরাটাকে স্মরণীয় করে রাখেন এই তারকা মিডফিল্ডার।

ম্যাচের ফলাফলে খুশি জার্মান কোচ জুলিয়েন নাগেলসম্যান। ম্যাচশেষে তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা বেশ কিছু সময় রক্ষণভাগ একটু নিচে নামিয়ে খেলি এবং সেখান থেকেই পাল্টা আক্রমণে একটি গোল পাই। এটি আমাদের জন্য বেশ ইতিবাচক ছিল। ম্যাচের ফলাফল অবশ্যই সন্তোষজনক। সবচেয়ে বড় কথা আমরা কোনো গোল হজম করিনি। তাই আমাদের এই ধারা বজায় রেখেই সামনে এগিয়ে যেতে হবে।’

র্যাং কিংয়ের ৭৩তম ফিনল্যান্ড পুরো ম্যাচে জার্মানদের সামনে দাঁড়াতেই পারেনি। আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানি তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এর আগে আগামী শনিবার শিকাগোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে মাঠে নামবে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন