অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ কৃষি অঞ্চলে ইঁদুরের অত্যাচার মহামারী আকারে দেখা দিয়েছে। এতে কৃষকরা আতঙ্কিত। ইঁদুরগুলো ঘরবাড়ির চারপাশে দৌড়াচ্ছে এবং বিশাল শস্যক্ষেত্র ধ্বংস করে দিচ্ছে। এই নতুন সংকটে কৃষকরা ইতিমধ্যে লাখ লাখ ডলার ব্যয় করছেন। যে ফসল ইঁদুরে খেয়ে ফেলেছে তা আবার রোপণ করতে হচ্ছে, অথবা বীজ বপনের পর ইঁদুর মারার বিষ মিশ্রিত ‘স্টেরাইল বীজ’ ছড়িয়ে দিতে হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ৪৩ বছর বয়সী জিওফ কসগ্রোভ পশ্চিম অস্ট্রেলিয়ার মিনজেনিউপ এলাকায় ১৪,০০০ হেক্টর জমির একটি খামার পরিচালনা করেন। গম, ক্যানোলা, লুপিন ও বার্লি চাষ করেন। তিনি বলেন, শুধু বিষের দামই নয়, তার সঙ্গে এটা একটা বড় ব্যয়। তিনি বলেন, ইঁদুরের উপদ্রব মানসিকভাবেও অত্যন্ত কষ্টদায়ক। ওরা মাথার ওপর দিয়ে, এয়ার কন্ডিশনের ভেতর দিয়ে, রাতে ঘুরে বেড়ায়। আপনি ওদের শুনতে পান, গন্ধও পান- এটা যেন পচা দেহের মতো। কসগ্রোভ ২৫ বছর ধরে কৃষিকাজ করছেন। কিন্তু তার মতে এবারকার পরিস্থিতি ২০২১ সালের তুলনায় অনেক বেশি ভয়াবহ।
২০২১ সালে অস্ট্রেলিয়ার বহু এলাকায় ইঁদুরের মহামারী ছড়িয়ে পড়েছিল। ফলে নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডের বড় অংশে ইতিহাসের ভয়াবহ ক্ষতি হয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়েছিল যে নিউ সাউথ ওয়েলসে শত শত বন্দিকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছিল। কারণ ইঁদুর কারাগারের ভেতরে ব্যাপক ক্ষতি করেছিল। এবার পশ্চিম অস্ট্রেলিয়ায় মার্চ মাসে প্রথম ইঁদুরের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে, পরে দক্ষিণ অস্ট্রেলিয়াতেও একই পরিস্থিতি দেখা যায়। কসগ্রোভের খামার থেকে দুই ঘণ্টা দূরে কৃষি বিশেষজ্ঞ ও কৃষক বেলিন্ডা ইস্টাফ ৫,৫০০ হেক্টরের খামারে কাজ করেন। তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে পশ্চিম অস্ট্রেলিয়ায় যে ইঁদুরের মহামারী হয়েছিল, এবার তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি। ২০২১ সালে তারা আমার হ্যান্ডব্যাগেও ছিল। সব জায়গায় ছিল- মেঝে, দেয়াল, প্যান্ট্রি। কিন্তু এবার প্যান্ট্রিতে নেই। কারণ তারা এখন খাবারের উৎসের কাছেই আছে। সেটা হলো ক্ষেতে। তিনি বলেন, গত বছর রেকর্ড ফসল উৎপাদন হয়েছিল। ফলে জমিতে প্রচুর শস্য ছড়িয়ে পড়ে, যা ইঁদুরের জন্য সহজ খাদ্য হয়ে যায়। তারপর গ্রীষ্মে বৃষ্টি হয়েছে। ফলে তাদের শুধু শস্যই নয়, নতুন সবুজ গাছও খাওয়ার সুযোগ হয়েছে। যেন তারা স্টেক আর সালাদ- দুটোই পেয়েছে। ইঁদুররা একেবারে স্বর্গে ছিল।
ইস্টাফ প্রায় ৪০ বছর ধরে কৃষিকাজ করছেন। গম, ক্যানোলা ও লুপিন চাষ করেন। তার উৎপাদিত গম দক্ষিণ-পূর্ব এশিয়ায় উদোন নুডলস তৈরিতে রপ্তানি হয় এবং দেশীয়ভাবে বিস্কুট, রুটি ও পাস্তার জন্য ব্যবহৃত হয়। তিনি অনুমান করেন, তার ক্যানোলা ক্ষেতে প্রতি হেক্টরে প্রায় ৮,০০০ থেকে ১০,০০০ ইঁদুর আছে। বলেন, কখনো কখনো প্লেগে ইঁদুরের সংখ্যা খাবার শেষ হলে কমে যায়। কিন্তু এবার তা হয়নি। আমি এক দুঃস্বপ্নের মধ্যে আছি।
শস্য চাষিদের জন্য শরৎকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কারণ এ সময়েই তারা নতুন ফসল রোপণ করেন। কৃষি উপদেষ্টা হিসেবে ইস্টাফ কৃষকদের দ্রুত বীজ রোপণের পরই বিষ প্রয়োগের পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, যদি বীজ রোপণের পর দ্রুত বিষ প্রয়োগ না করা হয়, তবে ইঁদুর রাতে এসে বীজ খেয়ে ফেলছে। আপনি যদি রাত ৮টায় বপন শেষ করেন, পরের দিন সকালে গিয়ে দেখবেন ফসলের সারি অনুপস্থিত। তিনি বলেন, কৃষকরা অত্যন্ত ধৈর্যশীল হলেও জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় তারা ইতিমধ্যে চাপের মধ্যে আছেন, যা ইরান যুদ্ধ শুরুর পর আরও বেড়েছে।
এখন আমরা জ্বালানির জন্য দুই-তিন মাস আগের তুলনায় দ্বিগুণ দাম দিচ্ছি। তার ওপর ইঁদুরের সমস্যা এটা আরেকটি বড় মাথাব্যথা।
অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা সিএসআইআরও’র গবেষক স্টিভ হেনরি ইঁদুর নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষজ্ঞ। তিনি বলেন, সাধারণত প্রতি হেক্টরে ৮০০ ইঁদুর থাকলে সেটিকে প্লেগ ধরা হয়। কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়ায় এখন হাজার হাজার ইঁদুর প্রতি হেক্টরে দেখা যাচ্ছে। সম্প্রতি পশ্চিম অস্ট্রেলিয়া সফরে তিনি মাত্র ১০০ মিটার জায়গা হাঁটার মধ্যে ৩০ থেকে ৪০টি সক্রিয় ইঁদুরের গর্ত দেখেছেন। এই হিসাব অনুযায়ী প্রতি হেক্টরে অন্তত ৩,০০০ থেকে ৪,০০০টি গর্ত থাকতে পারে। দক্ষিণ অস্ট্রেলিয়াতেও একই অবস্থা।
