আসন্ন উত্তর আমেরিকা বিশ্বকাপে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠের কাণ্ডারি ম্যানুয়েল উগার্তেকে দলে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে উরুগুয়ে। তবে ফুটবলপ্রেমীদের চমকে দিয়ে এই দলে জায়গা হয়নি ৩৯ বছর বয়সী মহাতারকা লুইস সুয়ারেজের।
কোচ মার্সেলো বিয়েলসার ঘোষিত ২৬ সদস্যের এই দলে ইংলিশ প্রিমিয়ার লীগের প্রতিনিধিত্ব করছেন তিন ফুটবলার। ওল্ড ট্রাফোর্ডের উগার্তের সঙ্গী হচ্ছেন উলভারহ্যাম্পটন উলভসের রক্ষণভাগের সান্তিয়াগো বুয়েনো এবং টটেনহ্যাম হটস্পারের মাঝমাঠের প্রাণ রদ্রিগো বেন্টানকুর। বিগত ২০ মাস আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় অনুপস্থিত সুয়ারেজ। তবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই নাম্বার নাইন সম্প্রতি জাতীয় দলের প্রয়োজনে অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দেন। তবে বিয়েলসার কৌশলে যে এই অভিজ্ঞ তারকার ঠাঁই নেই, তা স্কোয়াড ঘোষণার পর স্পষ্ট হয়ে গেল।
অন্যদিকে, ফর্ম ও ম্যাচ ফিটনেস নিয়ে দুশ্চিন্তা থাকলেও বিয়েলসা ভরসা রেখেছেন সাবেক লিভারপুল তারকা ডারউইন নুনেজের ওপর। সৌদি প্রো লীগের ক্লাব আল-হিলাল করিম বেনজেমাকে দলে ভেড়ানোর পর বিদেশি খেলোয়াড় নিবন্ধনের মারপ্যাঁচে পড়ে গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন নুনেজ। তবুও উরুগুয়ের আক্রমণভাগের বড় অস্ত্র ভাবা হচ্ছে তাকেই।
বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে থাকা উরুগুয়ে আগামী ১৫ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মিশন শুরু করবে। গ্রুপ পর্বে লাতিন আমেরিকার এই পরাশক্তির বাকি দুই প্রতিপক্ষ কেপ ভার্দে এবং ইউরোপিয়ান জায়ান্ট স্পেন।
উরুগুয়ের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: সার্জিও রোচেট (ইন্টারন্যাসিওয়াল), ফার্নান্দো মুসলেরা (গালাতাসারাই), সান্তিয়াগো মেলে (জুনিয়র এফসি)
ডিফেন্ডার: গুইলার্মো ভ্যারেলা (ফ্ল্যামেঙ্গো), রোনাল্ড আরাউহো (বার্সেলোনা), হোসে মারিয়া জিমেনেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), সান্তিয়াগো বুয়েনো (উলভস), সেবাস্তিয়ান ক্যাসেরেস (ক্লাব আমেরিকা), ম্যাথিয়াস অলিভেরা (নাপোলি), জোয়াকিন পিকেরেজ (পালমেইরাস), মাতিয়াস ভিনিয়া (ফ্ল্যামেঙ্গো)
মিডফিল্ডার: ম্যানুয়েল উগার্তে (ম্যানচেস্টার ইউনাইটেড), এমিলিয়ানো মার্টিনেজ (পালমেইরাস), রদ্রিগো বেন্টানকুর (টটেনহ্যাম), ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ), অগাস্টিন কানোবিও (ফ্লুমিনেন্সে), হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া (অ্যাটলেটিকো সান লুইস), জর্জিয়ান ডি আরাস্কায়েতা (ফ্ল্যামেঙ্গো), নিকোলাস ডি লা ক্রুজ (ফ্ল্যামেঙ্গো), রদ্রিগো জালাজার (এসসি ব্রাগা), ফাকুন্দো পেলিস্ত্রি (পানাথিনাইকোস), ম্যাসিমিলিয়ানো আরাউহো (স্পোর্টিং সিপি), ব্রায়ান রদ্রিগেজ (ক্লাব আমেরিকা)
ফরোয়ার্ড: রদ্রিগো আগুয়েরে (ক্লাব আমেরিকা), ফেদেরিকো ভিনাস (রিয়াল ওভিয়েদো), ডারউইন নুনেজ (আল হিলাল)
