পানামাকে বিধ্বস্ত করে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ব্রাজিলের

পানামাকে বিধ্বস্ত করে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ব্রাজিলের

ফন্ট সাইজ:

বিশ্বকাপের মহোৎসব শুরুর আগে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে সমর্থকদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী করলো ব্রাজিল। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রোববার প্রীতি ম্যাচে পানামাকে ৬-২ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের হয়ে ভিন্ন ছয়জন—ভিনিসিয়ুস জুনিয়র, কাসেমিরো, হায়ান, লুকাস পাকেতা, ইগো চিয়াগো ও দানিলো সান্তোস গোল উৎসবে মাতেন। পানামার হয়ে একমাত্র গোলটি করেন কার্লোস হার্ভে, অন্যটি ছিল মাথেউস কুনহার আত্মঘাতী গোল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই ৩৫ গজ দূর থেকে ভিনির চমৎকার শটে এগিয়ে যায় সেলেসাওরা। তবে চতুর্দশ মিনিটে আমির মুরিয়োর ফ্রি-কিক কুনহার গায়ে লেগে দিক পাল্টালে সমতায় ফেরে পানামা। প্রথমার্ধে ব্রাজিলের খেলায় কিছুটা অস্বস্তি থাকলেও, ৩৯তম মিনিটে ভিনির ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন কাসেমিরো।

খেলার আসল নাটকীয়তা তখনও মঞ্চস্থ হওয়া বাকি। বিরতির পর ডিফেন্ডার লিও পেরেইরা ছাড়া একযোগে ১০ খেলোয়াড় বদলে ফেলেন ব্রাজিল কোস কার্লো আনচেলোত্তি। ৪-২-৪ ফরমেশন বদলে ৪-৩-৩ করার পরই যেন চেনা ছন্দে ফেরে ব্রাজিল। ৫৩তম মিনিটে চিয়াগোর পাস থেকে গোল করেন হায়ান।

৬০তম মিনিটে ব্যবধান ৪-১ করেন পাকেতা। এর তিন মিনিট পর সফল স্পট কিকে দলের পঞ্চম গোলটি করেন চিয়াগো নিজেই। ৮১তম মিনিটে পাকেতার ক্রসে দানিলোর গোলে ব্যবধান দাঁড়ায় ৬-১। শেষ দিকে পানামার হার্ভে একটি গোল শোধ করলেও তা কেবল ব্যবধানই কমায়।

পুরোপুরি ফিট না থাকায় এ ম্যাচে নেইমার দর্শক হয়েই থাকেন। তবে মাঠে উপস্থিত থেকে গ্যালারির করতালির জবাব দেন তিনি। চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল খেলার কারণে মার্কিনহোস, গাব্রিয়েল মাগালায়েসদের মতো তারকারাও এদিন স্কোয়াডে ছিলেন না।

ম্যাচ শেষে সেলেসাও বস আনচেলোত্তি রসিকতা করে বলেন, ‘এই জয় বিশ্বকাপে দল নির্বাচন নিয়ে আমার মধুর সংশয় বাড়িয়ে দিল। তবে বিশ্বকাপের আগে কৌশল নিয়ে কিছুটা রহস্য বজায় রাখাই ভালো।’

ম্যাচ শেষে সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে আজ বিকালেই যুক্তরাষ্ট্রের বিমান ধরার কথা রয়েছে পুরো ব্রাজিল দলের। আগামী রোববার মিশরের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলবে আনচেলোত্তির শিষ্যরা। আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিলিয়ানরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন