কোরবানি ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ সোমবার থেকে সরকারি-বেসরকারি অফিস ও শিল্প কারখানা খুলেছে। গতকাল থেকেই দেশের উত্তরাঞ্চলের মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। আজও ফিরছে মানুষ। তবে চাপ নেই মহাসড়কে।
অনেকেই বিভিন্ন কারণে ঈদে বাড়ি যেতে পারেননি। তাদের অনেকেই এখন বাড়িতে যাচ্ছেন। ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহন সংকট ও যানজট না থাকায় অনেকটা স্বস্তিতেই ঢাকায় ফিরছেন কর্মজীবী ও সাধারণ মানুষ।
আশুলিয়া, বাইপাইল, নবীনগর, সাভার ও হেমায়েতপুর এলাকায় কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্বাভাবিকভাবেই গাড়িগুলো আসছে এবং যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে বাস থেকে নেমে অটোরিকশা অথবা পায়ে হেঁটে নিজেদের গন্তব্যে চলে যাচ্ছেন।
পুলিশ জানায়, অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম থাকায় যাত্রীরা স্বস্তিতেই রাজধানীতে ফিরতে পারছেন। পরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকায় কোথাও অতিরিক্ত ভিড় বা যাত্রীদের দুর্ভোগের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া অনেকেই ধাপে ধাপে ফেরার কারণে যাত্রীদের চাপও তুলনামূলক কম।
ইতিহাস পরিবহনের চালক আকবর হোসেন বলেন, ‘ঈদের ছুটি শুরুর পর থেকেই যাত্রী কম। তবে গত কয়েক দিনের তুলনায় রাস্তায় গাড়ি বেড়েছে। ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। তবে যাত্রীরা ধাপে ধাপে ঢাকায় ফেরার কারণে সড়কে চাপ নেই।’
ঢাকা জেলা পুলিশের টিআই রুহুল আমিন সোহেল বলেন, ‘ঈদের ছুটি শেষে সবাই নির্বিঘ্নে বাড়ি থেকে ফিরছেন। এবার পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি হওয়ায় সবাই ধাপে ধাপে রাজধানীতে ফিরছেন। এজন্য কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। এছাড়া যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে আমরা মাঠে আছি।’
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করেছে। ছুটি শেষে আজ সোমবার থেকে অফিস-আদালত, ব্যাংকসহ অধিকাংশ প্রতিষ্ঠান খুলেছে।
