বদলা নিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি বলেছে, এই হামলার লক্ষ্য ছিল এমন একটি বিমানঘাঁটি, যেখান থেকে ইরানের পূর্ব হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি টেলিকম টাওয়ারে আঘাত করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনাবাহিনী হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালানোর এক ঘণ্টা পর আইআরজিসির অ্যারোস্পেস বাহিনী সেই বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালায়। ওই বিমানঘাঁটি থেকে ইরানে আক্রমণ হয়েছিল।
আইআরজিসির হামলায় নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করা হয়েছে। তবে আইআরজিসি ওই বিমানঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি। এর আগে জানানো হয়, কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং দেশজুড়ে সতর্ক সংকেত (সাইরেন) বাজানো হয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
