প্রতিবছর ‘সোশ্যাল বিজনেস ডে’ উদযাপনের পরিকল্পনা

ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়রের বৈঠক

প্রতিবছর ‘সোশ্যাল বিজনেস ডে’ উদযাপনের পরিকল্পনা

ফন্ট সাইজ:

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের রাজধানী প্যারিসের নবনির্বাচিত মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার। গত শুক্রবার প্যারিসের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক সিটি হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রতিবছর ‘সোশ্যাল বিজনেস ডে’ উদযাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। ঢাকার ইউনূস সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৯ মে প্যারিস সিটি হলে অধ্যাপক ইউনূস ও মেয়র গ্রেগোয়ারের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফ্রান্স, বিশেষ করে প্যারিসে সামাজিক ব্যবসার বিস্তার এবং এ খাতে শহরটির অবদান নিয়ে আলোচনা হয়। আলোচনায় সাবেক মেয়র আননে হাইদালগোর উদ্যোগে প্রতিষ্ঠিত ‘মেজঁ দে কানো’-এর কথাও উঠে আসে। ঐতিহাসিক একটি ভবনকে সামাজিক ব্যবসা ও সামাজিক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে রূপান্তর করে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। ২০১৭ সালে এর উদ্বোধন করেছিলেন প্রফেসর ইউনূস।

বৈঠকে ড. ইউনূস ‘থ্রি জিরো’র বিশ্ব গড়ার ধারণা তুলে ধরেন। এই ধারণার লক্ষ্য হলো বিশ্ব থেকে নিট কার্বন নিঃসরণ, সম্পদ-কেন্দ্রীকরণ এবং বেকারত্ব একদম শূন্যের কোটায় নিয়ে আসা। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় সাত হাজার ‘থ্রি জিরো ক্লাব’ কাজ করছে।

এ সময় তিনি বিশ্বের ধনীদের দাতব্য উদ্যোগ ‘গিভিং প্লেজ’-এর প্রসঙ্গও উত্থাপন করেন। তার প্রস্তাব, সম্পদশালীরা তাদের সম্পদের পুরোটা বা একটি অংশ সামাজিক ব্যবসা তহবিলে রেখে যেতে পারেন, যাতে সেই অর্থ বারবার বিনিয়োগের মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানে ব্যবহৃত হয় এবং সম্পদ-কেন্দ্রীকরণ কমাতে ভূমিকা রাখে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র গ্রেগোয়ার প্যারিসে ‘সোশ্যাল বিজনেস ডে’ চালুর পাশাপাশি এটিকে বিশ্বের অন্যান্য শহরেও ছড়িয়ে দিয়ে একটি বৈশ্বিক দিবসে পরিণত করার আগ্রহ প্রকাশ করেন। এ লক্ষ্যে জুনের শেষে ঢাকায় অনুষ্ঠিতব্য সোশ্যাল বিজনেস ডে’তে প্রতিনিধি পাঠানোর কথাও জানিয়েছেন তিনি। বৈঠকে তরুণদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে বিশ্ব পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন