আর্তেতার আক্ষেপ

আর্তেতার আক্ষেপ

ফন্ট সাইজ:

বুদাপেস্টে যখন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) শিরোপা উৎসব চলছে, আর্সেনাল ডাগআউটে তখন কেবলই শূন্যতা। চ্যাম্পিয়নস লীগের মহানাটকীয় ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে ইউরোপসেরার মুকুট অধরাই থেকে গেল গানারদের। টাইব্রেকারের শেষ শটে রক্ষণভাগের ভরসা গ্যাব্রিয়েল মাগালায়েসের শটটি যখন ক্রসবারের ওপর দিয়ে চলে গেল, তখনই কান্নায় ভেঙে পড়ে পুরো আর্সেনাল শিবির। ২০০৬ সালের পর প্রথমবার ফাইনালে উঠেও এভাবে ট্রফি হাতছাড়া হওয়া নিয়ে সংবাদ সম্মেলনে গানার বস মিকেল আর্তেতা নিজের অনুভূতি প্রকাশ করলেন মাত্র এক শব্দে- ‘কষ্ট’।

ম্যাচের শুরুতে কাই হাভার্টজের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত টাইব্রেকারের হার মানতে হয় আর্সেনালকে। তবে বিরতির পর পিএসজি’র ডি-বক্সে ননি মাদুয়েকে ফাউল করা হলেও পেনাল্টি না দেয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আর্তেতা বলেন, “পেনাল্টি কী এবং কী নয়, তা বোঝার জন্য গত ৭২ ঘণ্টায় আমি এই প্রতিযোগিতার সব পেনাল্টির ঘটনা দেখেছি। আমার কাছে মনে হয়েছে, ওই ঘটনাটি সহজেই পেনাল্টি হতে পারত। তবে এগুলো সবই ‘যদি-কিন্তুর’ আলোচনা। বাস্তবে তা ঘটেনি। মেনে নেয়া খুবই কঠিন। ফাইনাল পর্যন্ত এতটা ধারাবাহিক থাকার পর শেষে পেনাল্টি শুটআউটে ট্রফি না পাওয়া খুবই কষ্টদায়ক।”

কেন মাগালায়েসকে শেষ শটটি দেয়া হলো, সেই প্রশ্নের উত্তরে আর্তেতা জানান, বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড ও কাই হাভার্টজকে আগেই তুলে নেয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়। আর্তেতা আরও বলেন, ‘গাব্রিয়েল নিজেই শেষ পেনাল্টি শটটি নিতে চেয়েছিল। অনুশীলনে সে কখনোই পেনাল্টি মিস করে না।’ চ্যাম্পিয়নস লীগ হাতছাড়া হলেও ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লীগ জয়ের কীর্তি গড়েছে আর্সেনাল। রোববার খোলা বাসে শহর প্রদক্ষিণের ট্রফি উৎসবের আগে অধিনায়ক ওডেগার্ড বলেন,
‘এই ধরনের খেলায় সামান্য ব্যবধানই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। অবশ্যই এই মুহূর্তে আমরা হতাশ। তবে এই মৌসুমে আমরা অসাধারণ কিছু করেছি। এই পরাজয় আমরা কাটিয়ে উঠবো ও আগামী বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’ মিডফিল্ডার ডেকলান রাইসও সতীর্থদের পাশে দাঁড়িয়ে একে ‘লটারি’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘পেনাল্টিতে চ্যাম্পিয়ন্স লীগ হারাটা দুঃখজনক। তবে নিশ্চিতভাবেই ওদের দুজনকে (পেনাল্টি মিস করা এবেরেচি এজে ও মাগালায়েস) ছাড়া এবার আমরা প্রিমিয়ার লীগ জিততে পারতাম না।

আমরা একসঙ্গে জিতি, একসঙ্গে হারি।’
ব্যস্ততম এক মৌসুম (সাকুল্যে ৬৩ ম্যাচ) শেষ করে আর্তেতা এখন তাকাচ্ছেন ভবিষ্যতে। স্প্যানিশ কোচ বলেন, ‘যদি পরবর্তী স্তরে পৌঁছাতে হয়, তবে আমাদের সেই আকাঙ্‌ক্ষা দেখাতে হবে। এর জন্য প্রয়োজন অত্যন্ত উচ্চাকাঙ্‌ক্ষী, দ্রুত এবং বিচক্ষণ হওয়া।’

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন