সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। কঠিন সময়ে হেসেখেলে চললে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অনেক বড় ক্ষতি হবে।
তিনি বলেন, জিয়াউর রহমান ধীরে ধীরে পরিকল্পনা করে দেশকে এগিয়ে নিয়েছিলেন। একইভাবে সেই পথনির্দেশিকা মেনেই কর্মসূচি হাতে নিয়েছিলেন। সরকার তখনই সফল হবে যখন দলের লোকজন সরকারকে সহযোগিতা করবে। শুধু সরকারের মন্ত্রীরা পরিশ্রম করলেই সফলতা আসবে না। এক্ষেত্রে সব অঙ্গ ও সহযোগী সংগঠনের ভূমিকা রাখা প্রয়োজন। যেভাবে নির্বাচনে সহযোগিতা করে জয় এসেছে, তেমনি সহযোগিতা করতে হবে।
তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের পর মানুষের যে আকাক্সক্ষা তা আর পূরণ হয়নি। গত ১৭ বছর বাংলাদেশে কী চলেছে সবাই তা জানে। এই সময়ে বিচার, শিক্ষা, স্বাস্থ্যসহ গণতন্ত্রকে হত্যা করা হয়েছে জাতি তার সাক্ষী। অনেকটা একই রকম পরিস্থিতির মধ্যে এই বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে।
তিনি আরও বলেন, সরকারের ইশতেহার ১২ ফেব্রুয়ারির আগে ছিল বিএনপির, এখন সেটি জনগণের। যারা এটির পক্ষে রায় দিয়েছে তাদের আশা-ভরসা পূরণ করতে হবে। বিএনপি সরকার জিয়াউর রহমানের দর্শন থেকেই দেশ পরিচালনা করছে এবং করবে। আর ইশতেহারেও সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। আমরা মনে করি— জনগণের দৃষ্টিতে সফল হতে হলে সর্বস্তরের নেতাকর্মীদের ইশতেহার বাস্তবায়নে কাজ করতে হবে।

SHINGRAPUR
১ মাস আগেভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি: এই গুরুত্বপূর্ণ সময়কে হেলাফেলায় বা অবহেলায় পার করে দিলে তার বড় ধরনের নেতিবাচক প্রভাব দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়বে। দলীয় নেতাকর্মীদের দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।সরকারকে সফল করার আহ্বান: একটি টেকসই ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকারকে সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।