বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ প্রস্তুতির সূচি ঘোষণা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ প্রস্তুতির সূচি ঘোষণা

ফন্ট সাইজ:

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ দুটি লিওনেল স্কালোনির শিষ্যদের জন্য নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ। বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকে ৬ জনকে এ ম্যাচ দুটির জন্য দলে ডেকেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় মেগা এই টুর্নামেন্টের মূল মঞ্চে নামার আগে বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হবে হন্ডুরাস ও আইসল্যান্ডের। টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে লড়বে লিওনেল মেসির দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৬টায়। এরপর আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১০ জুন। এ ম্যাচটির সময় এখনও নির্ধারণ করা হয়নি।
বিশ্বকাপের মূল দলে জায়গা না পেলেও আর্জেন্টিনার এই প্রীতি ম্যাচের স্কোয়াডে থাকছেন অতিরিক্ত ছয় তরুণ ফুটবলার। আর্জেন্টাইন সাংবাদিক দিয়েগো মনরইগের তথ্যমতে, জরুরি ব্যাক-আপ ও মূল দলের অনুশীলনে সহায়তার জন্য ডাক পেয়েছেন অগাস্টিন গিয়াই (রাইট ব্যাক, পালমেইরাস), সান্তিয়াগো বেলত্রান (গোলকিপার, রিভার প্লেট), জোয়াকিন ফ্রেতাজ (স্ট্রাইকার, রিভার প্লেট), সিমন এসকোবার (লেফট ব্যাক, ভেলেজ সার্সফিল্ড), টমাস আরান্দা (মিডফিল্ডার, বোকা জুনিয়রস) ও নিকোলাস কাপালদো (হামবার্গার)।

বিশ্বকাপ চলাকালে ফুটবলারদের ক্লান্তি দূর করা, রিকভারি এবং কৌশলগত আলোচনার জন্য নিজেদের প্রধান বেস ক্যাম্প হিসেবে কানসাস সিটিকে বেছে নিয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্ট চলাকালীন অনুশীলনের জন্য স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবে মেসিরা। আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন