চ্যাম্পিয়ন্স লীগ জয়োৎসবে উত্তাল ফ্রান্স, চার শতাধিক গ্রেপ্তার

চ্যাম্পিয়ন্স লীগ জয়োৎসবে উত্তাল ফ্রান্স, চার শতাধিক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

হাঙ্গেরির বুদাপেস্টে তখন ইউরোপ সেরার মুকুট ধরে রাখার জয়োৎসবে মাতোয়ারা পুরো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) দল। তবে আর্সেনালের বিপক্ষে ফরাসি ক্লাবটির ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লীগ জয় উদযাপনের রাতে প্যারিসে আনন্দের চেয়ে আতঙ্কই ছড়ালো বেশি। রোববার ভোররাত পর্যন্ত ফ্রান্সের রাজপথজুড়ে চলা তুমুল তাণ্ডবে দেশজুড়ে চারশ’র বেশি ফুটবল ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টাইব্রেকারে পিএসজির জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে প্যারিসের ঐতিহ্যবাহী শঁজেলিজঁ এভিনিউতে ঢল নামে হাজারো সমর্থকের। মুহূর্তেই উৎসব রূপ নেয় রণক্ষেত্রে। জ্বলতে থাকে একের পর এক ইলেক্ট্রিক বাইক, ভাঙচুর করা হয় দোকানপাট। পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার সময়ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় উন্মত্ত সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরের কেন্দ্রস্থলে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লঁরা নুনিয়াজ এই সহিংসতাকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘আজকের এই বিশৃঙ্খলা ও নৈরাজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি জানান, রাতভর সহিংসতায় অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে গত বছরের চেয়ে এবার প্রশাসন অনেক বেশি তৎপর ও প্রস্তুত ছিল। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক সমালোচনা করেছেন কট্টর ডানপন্থী নেত্রী মারিন লে পেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘কেবল ফ্রান্সেই একটি ফুটবল ক্লাবের জয় দাঙ্গা ডেকে আনে। শুধু এই দেশেই বিজয়ের রাতে মানুষকে সহিংসতা এড়াতে ঘরের কোণে লুকিয়ে থাকতে হয়।’

আজ রোববার স্থানীয় সময় বিকালে আইফেল টাওয়ারের পাদদেশে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রায় অংশ নেয়ার কথা রয়েছে পিএসজি খেলোয়াড়দের। এরপর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিজয়ী দল। তবে এই গৌরবের রাতে প্যারিসের বুকে লেপন হওয়া কালিমা নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল বিতর্ক।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন