পাকিস্তানের হাজারতম ওয়ানডে স্মরণীয় করলেন মিনহাস

পাকিস্তানের হাজারতম ওয়ানডে স্মরণীয় করলেন মিনহাস

ফন্ট সাইজ:

ভারত ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে ১০০০তম ওয়ানডে খেলার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলো পাকিস্তান। আর এই স্মরণীয় ম্যাচটিকে নিজের করে নিলেন ২১ বছর বয়সী অভিষিক্ত বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস। রাওয়ালপিন্ডিতে ওয়ানডে ইতিহাসের প্রথম পাকিস্তানি বোলার হিসেবে অভিষেকেই ৫ উইকেট নেয়ার অনন্য কীর্তি গড়লেন তিনি। মিনহাসের স্পিন ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে ২০০ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। পরে বাবর আজম ও গাজী ঘোরির জোড়া ফিফটিতে ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় তারা। ৩ ম্যাচের সিরিজে আপাতত ১-০ তে এগিয়ে শাহিন শাহ আফ্রিদিরা।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভালোই ছিল। ওপেনিং জুটিতে আসে ৩৩ রান। এরপরই পাকিস্তানের চার স্পিনারের আক্রমণ শুরু হয়। সপ্তম ওভারে অ্যালেক্স ক্যারিকে (১৯) ফিরিয়ে প্রথম ব্রেক-থ্রু দেন আবরার আহমেদ। চতুর্দশ ওভারে জোড়া আঘাত হেনে জশ ইংলিস ও মার্নাস লাবুশেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিনহাস। পরের ওভারে তিনি বোল্ড করেন ক্যামেরন গ্রিনকে। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়ার পক্ষে প্রতিরোধ গড়েন ম্যাথু শর্ট ও ম্যাট রেনশ।

শর্টকে (৫৫) ফিরিয়ে ৫৫ রানের এই জুটি ভাঙেন ম্যাচের নায়ক মিনহাস। এরপর ওয়ানডে অভিষিক্ত সর্বকনিষ্ঠ অজি ব্যাটার অলিভার পিককে (৭) সালমান আগা এবং থিতু হওয়া রেনশকে (৬১) বোল্ড করেন আবরার। শেষ দিকে নাথান এলিসকে বোল্ড করে নিজের ঐতিহাসিক ফাইফার পূর্ণ করেন মিনহাস। ১০ ওভারে মাত্র ৩২ রান খরচ করেন তিনি। ৪৫.১ ওভারে ২০০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ রানেই দুই ওপেনার মাজ সাদাকাত (৮) ও সাহিবজাদা ফারহানকে (২৮) হারায় স্বাগতিকরা। তবে তৃতীয় উইকেটে বাবর আজম ও গাজী ঘোরি ১২৭ রানের ম্যাচজয়ী জুটি গড়েন। বাবর ৯৪ বলে ৬৯ এবং কিপার-ব্যাটার ঘোরি ৯২ বলে ৬৫ রান করে নাথান এলিসের শিকার হন। জয় থেকে ৬ রান দূরে থাকতে ফিরে যান সালমান আগা (৬)। তবে আব্দুল সামাদকে সঙ্গে নিয়ে ১৭ বলে ১৮ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন ম্যাচসেরা মিনহাস। ৪২.৩ ওভারে ৫ উইকেটে ২০২ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান
আগামী মঙ্গলবার লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন