আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘রাজধানীর পল্লবীতে রামিসাকে হত্যা ও ধর্ষণ মামলায় আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করবে সরকার। বিচার শুরুর বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে সরকারের পক্ষ থেকে আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তির জোরালো দাবি জানাবো।’
রোববার শৈলকূপা উপজেলা পরিষদ হলরুমে চেক ও ফুটবল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ‘আগামীকাল (সোমবার) প্রথম কোর্ট খুলবে। এই চাঞ্চল্যকর মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হচ্ছে। এরপরই বিচার প্রক্রিয়া শুরু হবে।’
শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল মজিদ।
