ভারতে আন্তর্জাতিক নৌ-মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশ

ফন্ট সাইজ:

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়েনের মধ্যেও প্রতিরক্ষা ক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ন ছিল। এরই মধ্যে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। এই আবহে ভারতে আয়োজিত আন্তর্জাতিক নৌ-বহর পর্যালোচনা ও নৌবাহিনীর মিলন মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের রণতরী ‘সমুদ্র অভিযান’ এই মহড়ায় যোগ দিয়েছে। এই আন্তর্জাতিক নৌ-মহড়ায় আরও যোগ দিয়েছে ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড-সহ ৭০টি দেশের রণতরী। ভারতের রণতরী ‘আইএনএস বিক্রম’ অংশ নিয়েছে এই নৌ- মহড়ায়। বুধবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনার মহড়ায় রণতরীসহ শামিল হয়েছে বিভিন্ন দেশের নৌবাহিনী। তবে বাংলাদেশের উপস্থিতি মহড়ায় আলাদা মাত্রা যোগ করেছে বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের।
বাংলাদেশ তাদের রণতরী ‘সমুদ্র অভিযান’ নিয়ে সোমবারই বিশাখাপত্তনমে পৌঁছে গিয়েছিল। বুধবার নৌবাহিনীর এই মহড়ায় উপস্থিত থেকে পর্যালোচনা করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, এই মহড়া আসলে ‘সামুদ্রিক ঐতিহ্যের প্রতি দেশগুলোর আস্থা, ঐক্য এবং শ্রদ্ধার প্রতিফলন’।
মুর্মু বলেন, ভিন্ন ভিন্ন পতাকাবাহী অংশগ্রহণকারী সব জাহাজ এবং ভিন্ন দেশের নাবিকেরা ঐক্যের চেতনাকে তুলে ধরছে। তিনি বলেন, এই মহড়ার থিম সামুদ্রিক ঐক্য। তা সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সম্মিলিত এই নৌবাহিনীর সংকল্প সমস্ত বাধাকে অতিক্রম করে যেতে পারে। এটা বিশ্ব সমপ্রদায়ের কাছে একটা ইতিবাচক বার্তা বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন