শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ব্যতিক্রমধর্মী বই প্রদর্শনী ও বইমেলার আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।বই মেলাটির আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার, মৌলভীবাজার জেলা শাখা।
সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক স্মরণানুষ্ঠানের পাশাপাশি পাঠাভ্যাস গড়ে তোলা এবং ইতিহাসভিত্তিক জ্ঞানচর্চা বিস্তারে এ ধরনের বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই মৌলভীবাজারে জিয়ার স্মৃতিকে বইয়ের পাতায় ছড়িয়ে দিতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, “একটি জাতির রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা জানতে বইয়ের কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা এবং পাঠচর্চা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের একপর্যায়ে জিয়া স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে এম নাসের রহমান এমপির হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। পরে তিনি বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত বই সম্পর্কে খোঁজখবর নেন।
বইমেলায় জিয়াউর রহমানের জীবন ও কর্ম, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, গণতন্ত্র, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন গ্রন্থ প্রদর্শন করা হয়। এতে লেখক, সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন আহমেদ মিঠু, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ মো. আব্দুল মুকিতসহ প্রমুখ।
