রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেয়া হবে প্রতিবেদন। কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেয়া যায়নি, তাই আজ দেয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে।’ উল্লেখ্য, বুধবার ভোরে আদ-দ্বীন হাসপাতালের ‘পোস্ট অপারেটিভ’ ওয়ার্ডে থাকা ছয় শিশুর সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একে একে তাদের মৃত্যু হয়।
সেদিনই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।
