টাঙ্গুয়ার পাটলাই নদীতে নৌকা থেকে পড়ে ডুবে পর্যটক নিখোঁজ

টাঙ্গুয়ার পাটলাই নদীতে নৌকা থেকে পড়ে ডুবে পর্যটক নিখোঁজ

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সংলগ্ন শ্রীপুর বাজারের সামনে পাটলাই নদীতে পর্যটকবাহী চলন্ত নৌকা থেকে পড়ে তামিম নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ তামিম একই জেলার ধর্মপাশা উপজেলার গোল্লা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ধর্মপাশা উপজেলা থেকে ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যায়। পরে তারা বিকালে গিয়ে ট্যাকেরঘাটের নিলাদ্রী লেক এলাকায় অবস্থান করে রাত যাপন করেন।

শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে শ্রীপুর বাজার সংলগ্ন পাটলাই নদীতে চলন্ত নৌকা থেকে হঠাৎ নদীতে পড়ে যায় তামিম। পরে তাকে উদ্ধারে চেষ্টা চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে একই স্থানে শুক্রবার বিকালে নববধূ আনতে গিয়ে বরযাত্রীবাহী নৌকা ডুবে ওবায়দুল শাহ (৬) নামে এক শিশু নিখোঁজ হয়। পরে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের তৌহিদ নুর শাহ’র ছেলে। শনিবার সকালে বালিয়াঘাট নতুন বাজারে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। পরপর দুইদিন একই স্থানে পানিতে ডুবে দুইটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘একই জায়গায় দুইদিনে পানিতে ডুবে দুইটি ঘটনা ঘটেছে। শনিবার সকালে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন।

এর আগে শুক্রবার বিকালে নৌকা ডুবে এক শিশু নিখোঁজ হয়েছিল, পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ‘ওই এলাকায় দ্রুত ফায়ার সার্ভিসের ডুবুরি দল পৌঁছানো কঠিন। দূরবর্তী হওয়ায় অনেক সময় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ ভেসে ওঠে।’

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন