মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং বৃটেনের মেরিটাইম ট্রেড অপারেশন (এমটিও) হরমুজ প্রণালি ঘিরে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে। দেশ দুইটি হরমুজ দিয়ে চলাচলকারী সব জাহাজকে সতর্ক করে জানিয়েছে, ওই এলাকায় শিগগিরই ‘বড় ধরনের মার্কিন সামরিক অভিযান’ চালানো হতে পারে। তাদের যৌথ সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানের ‘বিপজ্জনক ও অবৈধ মাইন’ বসানোর কার্যক্রমের পরিপ্রেক্ষিতে এই সামরিক পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে, কারণ তেহরান পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া সতর্ক করা হয়েছে, যে কোনো জাহাজ যদি অভিযানে বাধা সৃষ্টি করে বা মাইন বসানোর কাজে সহায়তা করে, তাহলে সেটিকে মার্কিন বাহিনীর লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি ঘিরে নতুন এই সতর্কতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর থেকে এই জলপথটি বন্ধ রয়েছে। এতে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে।
এদিকে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে শুক্রবার বলেছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কেবল তখনই শান্তি চুক্তি করবেন, যদি তাতে তার সব শর্ত পূরণ করা হয়। ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে দুই ঘণ্টার একটি বৈঠকে অংশ নেন।
তবে শেষ পর্যন্ত চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাননি। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনাকে আরও তীব্র সংঘাতের দিকে ঠেলে দিতে পারে, বিশেষ করে যখন উভয় পক্ষই সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে।
